ভারতের তেলেঙ্গানা রাজ্যে যৌন হয়রানির অভিযোগকারী কিশোরী ও নিজের স্ত্রী-সন্তানসহ মোট ছয়জনকে হত্যার অভিযোগ উঠেছে রাজকুমার নামের এক যুবকের বিরুদ্ধে। যৌন হয়রানির মামলায় আদালত থেকে আগাম জামিন পেয়ে তিনি এই নারকীয় হত্যাকাণ্ড চালান। শনিবার (১১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে চাঞ্চল্যকর এই তথ্য জানা গেছে।
তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি এলাকার শাবাদে বসবাস করতেন অভিযুক্ত রাজকুমার। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে নিজ বাড়িতে তিনি প্রথমে তাঁর ৩০ বছর বয়সী স্ত্রী পার্বতী সরিতা এবং চার ও এক বছর বয়সী দুই শিশু সন্তানকে হত্যা করেন। নিজের পরিবারকে শেষ করার পর তিনি ছুটে যান সেই ১৭ বছর বয়সী কিশোরীর বাড়িতে, যে কিছুদিন আগে তাঁর বিরুদ্ধে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছিল।
ওই কিশোরীর বাড়িতে গিয়ে রাজকুমার তাকে জোরপূর্বক গাড়িতে তুলে একটি নির্জন স্থানে নিয়ে হত্যা করেন। কেবল কিশোরীকেই নয়, ক্ষুব্ধ রাজকুমার ওই কিশোরীর ৪৫ বছর বয়সী মা এবং ৬৫ বছর বয়সী নানিকেও নির্মমভাবে খুন করেন। তবে ঘটনার সময় বাড়িতে উপস্থিত থাকা কিশোরীর ২০ বছর বয়সী প্রতিবন্ধী বোনের কোনো ক্ষতি তিনি করেননি।
আরও
এই ধারাবাহিক হত্যাকাণ্ডের পর রাজকুমার নিজেই তাঁর বাবাকে ফোন করে খুনের কথা স্বীকার করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তরুণ জোশী জানান, রাজকুমার তাঁর বাবাকে বলেন যে তিনি ওই মানুষগুলোকে খুন করেছেন। ফোনে আত্মহত্যার হুমকি দিয়ে এরপর তিনি মোবাইল বন্ধ করে দেন। বর্তমানে অভিযুক্ত রাজকুমার পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ দল গঠন করা হয়েছে। তাঁর অবস্থান সম্পর্কে পুলিশ বেশ কিছু তথ্য পেয়েছে এবং শিগগিরই তাঁকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০১৮ সালে ভালোবেসে পার্বতীকে বিয়ে করেছিলেন রাজকুমার। তাঁদের তিনটি সন্তান ছিল, যার মধ্যে প্রথম সন্তানটি শৈশবেই মারা যায়। গত মে মাসে ওই কিশোরীকে কোচিং সেন্টার থেকে ফেরার পথে নিয়মিত অনুসরণ ও অনৈতিক প্রস্তাবে রাজি হওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগে রাজকুমারের বিরুদ্ধে মামলা হয়। মামলা দায়েরের পর কিছুদিন আত্মগোপনে থেকে মাত্র এক সপ্তাহ আগে ২০ হাজার রুপির মুচলেকায় আদালত থেকে আগাম জামিন পান তিনি। পুলিশ কর্মকর্তা তরুণ জোশী আরও জানান, অভিযুক্তের আগে থেকেই নানা আচরণগত সমস্যা ও জুয়া খেলার বদভ্যাস ছিল। মানসিক অস্থিরতা ও ঋণের দায়ে জর্জরিত রাজকুমারকে এর আগে দুই-তিনবার কাউন্সেলিংয়ের জন্যও ডেকেছিল পুলিশ।










