দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে পাকিস্তানের প্রখ্যাত আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে সাত দিনের সফরে দেশের বিভিন্ন স্থানের ইসলামি সম্মেলনে তাঁর অংশ নেওয়ার কথা ছিল।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজধানীর কুড়িলের শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা মুফতি মিজানুর রহমান সাঈদ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সফরের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছিল এবং ধর্ম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথেষ্ট সহযোগিতাও পাওয়া গেছে। তবে সব সফরসঙ্গীর অনাপত্তিপত্র (এনওসি) হয়ে গেলেও গতকাল পর্যন্ত মুফতি তাকি উসমানির এনওসি পাওয়া যায়নি। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, দেশে বর্তমানে কঠিন পরিস্থিতি ও অরাজকতা চলছে, যা মোকাবিলায় সরকার কাজ করছে। এমন পরিস্থিতিতে তাঁকে এখন না এনে কিছুদিন পর আনার পরামর্শ দেওয়া হয়।
আরও
মুফতি মিজানুর রহমান সাঈদ আরও বলেন, বিষয়টি জানিয়ে বার্তা পাঠানোর পর মুফতি তাকি উসমানি জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু বর্তমান সময়ে তাঁর আগমন নিরাপদ মনে করছে না, তাই তিনি বাংলাদেশ সফর স্থগিত করেছেন। এর আগে গত ১১ নভেম্বর তাঁর সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছিল। সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার আগে তাঁর বয়ান করার কথা ছিল।









