Long Popup (2)
সর্বশেষ

প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

Image 321314City

নরসিংদীতে এক কুয়েত প্রবাসীর স্ত্রী প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ও ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে এক আইনজীবীর সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম অ্যাডভোকেট মো. নয়ন মোল্লা। তিনি নরসিংদী জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। রোববার (২৩ আগস্ট) দুপুরে নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই চাঞ্চল্যকর অভিযোগ করেন ভুক্তভোগী প্রবাসী মো. লুৎফর রহমান।

সংবাদ সম্মেলনে লুৎফর রহমান জানান, দেশে থাকাকালীন জমিজমা নিয়ে বিরোধের জেরে তিনি আদালতে একটি মামলা করতে যান। সে সময় পরিচিত একজনের মাধ্যমে আইনজীবী নয়ন মোল্লার শরণাপন্ন হন তিনি। তখন নয়ন পরামর্শ দেন, লুৎফর যেহেতু পুনরায় প্রবাসে চলে যাবেন, তাই মামলা পরিচালনার সুবিধার্থে তাঁর স্ত্রীকে বাদী করা উচিত। সেই পরামর্শ অনুযায়ী স্ত্রীকে বাদী করে মামলা দায়ের করা হয় এবং মামলা পরিচালনার দায়িত্ব নেন নয়ন। মূলত এই মামলার সূত্র ধরেই নয়ন মোল্লার সঙ্গে ওই প্রবাসীর স্ত্রীর পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে।

লুৎফরের অভিযোগ, এই পরিচয়ের সুবাদে নয়ন বিভিন্ন অজুহাতে তাঁর স্ত্রীর কাছ থেকে প্রবাস থেকে পাঠানো টাকা হাতিয়ে নিতে থাকেন। সবশেষ গত ৩ আগস্ট তিনি প্রবাসে বসে জানতে পারেন, তাঁর স্ত্রী ১ কোটি ১০ লাখ নগদ টাকা ও ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে নয়নের সঙ্গে পালিয়ে গেছেন। ১১ বছরের ছেলে ও ৮ মাস বয়সী মেয়েকে রেখে স্ত্রীর এমন কাণ্ডে দেশে ছুটে আসেন তিনি। জীবনের সব সঞ্চয় হারিয়ে ন্যায়বিচারের দাবিতে তিনি নরসিংদী মডেল থানা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতি ও বাংলাদেশ বার কাউন্সিলের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত নয়ন মোল্লার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান ভূঁইয়া অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টির তদন্তভার সমিতির সাধারণ সম্পাদককে দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী নয়ন মোল্লাকে সমিতি থেকে বহিষ্কার করা হবে। আর সদস্যপদ বাতিল হলে তাঁর এপিপি পদটিও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate