Long Popup (2)
সর্বশেষ

বন্ধুর বিয়েতে দেশে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর

DujvProbashircityWebPopupUpdate

বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কুয়েত থেকে ছুটিতে দেশে এসেছিলেন প্রবাসী সোহেল ফকির (২৪)। কিন্তু সেই আনন্দঘন মুহূর্তের রেশ কাটতে না কাটতেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল ফকির গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের সামু ফকিরের ছেলে। নিহতের স্বজন পান্নু মৃধা জানান, আজ দুপুরে নিজের মোটরসাইকেল পার্কিং করে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন সোহেল। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির ‘তাজবি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক দ্রুত বাসটি নিয়ে পালিয়ে যান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, খাঞ্জাপুর গ্রামের খলিল হাওলাদারের ছেলে ফয়সাল হাওলাদার এবং সোহেল ফকির একে অপরের বাল্যবন্ধু। গত ১৯ জুন ফয়সালের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মূলত প্রিয় বন্ধুর এই বিয়েতে অংশ নিতেই প্রায় ১০ দিন আগে কুয়েত থেকে দেশে ফিরেছিলেন তিনি। পারিবারিক সূত্র আরও জানায়, প্রায় দেড় বছর আগে ছুটিতে দেশে এসে নিজেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন সোহেল। তাঁর এমন আকস্মিক ও অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মহাসড়কের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ঘাতক তাজবি পরিবহনের বাসটি আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate