Long Popup (2)
সর্বশেষ

পাশাপাশি খোঁড়া হয়েছে ওমানে নিহত ৪ ভাইয়ের কবর

Ce9726d7bc1cc0c6405ea00c1d4be6b1ProbashircityWebPopupUpdate

ওমানে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারানো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মরদেহ আজ মঙ্গলবার রাতে দেশে ফিরছে। আগামীকাল বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হবে। প্রিয়জনদের শেষ বিদায় জানাতে ইতিমধ্যে বাড়ির পাশে গোরস্তানে পাশাপাশি চারটি কবর খননের কাজ শুরু হয়েছে।

পারিবারিক সূত্র ও নিহতদের ভাই এনামুল হক এনাম জানান, আজ সকাল নয়টা থেকেই রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দেরাজ পাড়া জামে মসজিদসংলগ্ন গোরস্তানে চার ভাইয়ের জন্য কবর খোঁড়ার কাজ চলছে। রাত নয়টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-৭২২) তাঁদের মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত ১০টার দিকে ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো রাঙ্গুনিয়ার উদ্দেশে রওনা হবে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকাল সাতটা থেকে আটটার মধ্যে মরদেহগুলো গ্রামের বাড়িতে পৌঁছাবে।

এনামুল হক আরও জানান, আগামীকাল বেলা ১০টার দিকে হোসনাবাদ লালানগর উচ্চবিদ্যালয় মাঠে চার ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বন্দেরাজ পাড়া জামে মসজিদসংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হবে। নিহতদের সঙ্গে একই ফ্লাইটে তাঁদের স্বজন মো. ফজলুল হকও ওমান থেকে দেশে ফিরছেন।

চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মো. ইয়াসিন চৌধুরী জানান, ওমান সরকার ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সব আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ সরকার মরদেহ পরিবহনের কার্গো খরচ বহন করছে। এ ছাড়া ওমান চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে হাসপাতালের হিমঘর বিল, কাফনের কাপড় ও গোসলসহ আনুষঙ্গিক সব খরচ মেটানো হয়েছে। এর জন্য পরিবারের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয়নি।

গত ১৩ মে রাতে ওমানের আল মুলাদ্দাহ এলাকায় গাড়ির এসির বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম নামের ওই চার প্রবাসী ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়। তাঁরা লালানগর ইউনিয়নের বন্দেরাজ পাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। রেমিট্যান্সযোদ্ধা চার সন্তানের ফেরার প্রতীক্ষায় থাকা অসুস্থ বৃদ্ধা মা ও স্বজনদের আহাজারিতে পুরো লালানগর এলাকায় এখন গভীর শোকের ছায়া নেমে এসেছে। পাড়া-প্রতিবেশীরাও তরতাজা এই চার যুবকের করুণ বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate