সর্বশেষ

আপত্তিকর ভিডিও ধারণ, আমেরিকা প্রবাসী নারী থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে যুবক গ্রেপ্তার

1.5 crore taka embezzled by luring expatriate woman into marriage trap, 1 arrestedCity ads Investment (1)

ম্যারেজ মিডিয়া পেজে পরিচয়ের পর আমেরিকা প্রবাসী এক বাংলাদেশি নারীর কাছ থেকে প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সালাউদ্দিন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২১ জানুয়ারি) সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের লোহাগাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সালাউদ্দিনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

সিআইডি জানায়, ফেসবুকভিত্তিক ম্যারেজ মিডিয়া পেজ “BCCB Matrimonial: Heavenly Match”–এর মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে পরিচয় গড়ে তোলেন অভিযুক্ত। তিনি নিজেকে “নাদিম আহমেদ সুমন” নামে পরিচয় দিয়ে কানাডাপ্রবাসী ও বিপত্নীক দাবি করেন। বিশ্বাস অর্জনের জন্য ভিডিও কলে মা ও বোন পরিচয়ে আরও দুজনকে যুক্ত করে ভুক্তভোগীর আস্থা বাড়ান বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা বলে অভিযুক্ত ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা নিতে থাকেন। এক পর্যায়ে ভিডিও কলে কৌশলে ভুক্তভোগীর আপত্তিকর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল শুরু করেন। এভাবে বিভিন্ন ব্যাংক হিসাব ও বিকাশের মাধ্যমে আনুমানিক ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে, যার বাংলাদেশি মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার টাকা বলে উল্লেখ করেছে সিআইডি।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মিরপুর মডেল (ডিএমপি) থানায় মামলা দায়ের করলে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) মামলাটি অধিগ্রহণ করে তদন্ত শুরু করে। অভিযুক্তের অবস্থান শনাক্তের পর সিপিসির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের দেওয়া তথ্যে সংশ্লিষ্ট মোবাইল ফোন ও সিম কার্ড আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

সিআইডির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে আগেও একই ধরনের প্রতারণার অভিযোগ থাকার তথ্য মিলেছে। জিজ্ঞাসাবাদে তিনি ৮০ থেকে ৮৫ জন ভুক্তভোগীর সঙ্গে একই কায়দায় প্রতারণা করার কথাও স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। মামলার অপর জড়িতদের শনাক্ত, অপরাধের পূর্ণাঙ্গ চিত্র উদঘাটন এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup