সর্বশেষ

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

Img 20250601 wa0004Probashir city Popup 19 03

মালয়েশিয়ায় কর্মরত এক বাংলাদেশি প্রবাসী রমজান হোসেনকে (২৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত রমজানের পরিবারের দাবি, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে মিয়ানমারের কয়েকজন যুবক পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত ৩০ মে রাতে মালয়েশিয়ার পোর্ট কেলাং এলাকায়।

স্থানীয় পুলিশের সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন আটজনকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। নিহত রমজান হোসেন মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার জাঙ্গালীয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

নিহতের বন্ধু ও মালয়েশিয়া প্রবাসী মো. হানজালা ইসলাম জানান, রমজান পোর্ট কেলাং এলাকার একটি বান্ডিল কারখানায় কাজ করতেন। কর্মদক্ষতার কারণে মালিকপক্ষ তাকে লিডার হিসেবে দায়িত্ব দেয়। তবে এই পদোন্নতি ভালোভাবে নিতে পারেননি অন্যান্য দেশের কিছু কর্মী, বিশেষ করে মিয়ানমারের কয়েকজন শ্রমিক। বিষয়টি ঘিরেই দীর্ঘদিন ধরে রমজানের সঙ্গে তাদের বিরোধ চলছিল।

হানজালার ভাষ্যমতে, ঘটনার দিন কারখানায় কাজ চলাকালে মিয়ানমারের কয়েকজন যুবকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান রমজান। কাজ শেষে বাসায় ফেরার পথে ওই যুবকেরা রমজানের ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে হত্যা করে।

নিহতের বাবা আব্দুর রাজ্জাক বলেন, “তুচ্ছ বিষয়ে আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই এবং দ্রুত লাশ দেশে ফেরত আনার অনুরোধ জানাই।” নিহতের স্ত্রী জানান, দেনা করে স্বামীকে বিদেশে পাঠিয়েছিলেন ভালো ভবিষ্যতের আশায়, কিন্তু তার আগেই এ মর্মান্তিক পরিণতি হলো।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে।”

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03