Long Popup (2)
সর্বশেষ

রংপুর আর চট্টগ্রামও বিচ্ছিন্ন হতে পারে : ভারতের মুখ্যমন্ত্রী

Rangpur and chittagong may also be separated indian chief ministerProbashircityWebPopupUpdate

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের মানচিত্রকে ঘিরে বিতর্কিত মন্তব্য করে কূটনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছেন। তিনি দাবি করেছেন, বাংলাদেশের নিজস্ব দুটি ‘চিকেন নেক’ করিডোর রয়েছে, যেগুলো ভারতের শিলিগুড়ি করিডোরের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বের টুইটার) দেওয়া এক পোস্টে তিনি মানচিত্রসহ এসব মন্তব্য করেন।

রোববার (২৫ মে) প্রকাশিত পোস্টে হিমন্ত বলেন, যেসব মহল ভারতের কৌশলগত শিলিগুড়ি করিডোর নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তাদের মনে রাখা উচিত—বাংলাদেশেও রয়েছে একই ধরনের সংকীর্ণ করিডোর, যা সামান্য বিঘ্নেই দেশটির গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। তিনি রংপুর ও চট্টগ্রাম বিভাগকে সম্ভাব্য বিচ্ছিন্ন এলাকা হিসেবে উল্লেখ করেন।

হিমন্ত শর্মার দাবি অনুযায়ী, বাংলাদেশের প্রথম করিডোরটি উত্তরাঞ্চলে অবস্থিত, যা ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হয়ে রংপুর বিভাগ এবং দক্ষিণ-পশ্চিম গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত। তার ভাষায়, এটি যদি কোনোভাবে বিঘ্নিত হয়, তাহলে রংপুর বিভাগ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর দ্বিতীয় করিডোরটি ২৮ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর, যা দেশের অর্থনৈতিক কেন্দ্র চট্টগ্রামকে রাজনৈতিক রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত করে।

মুখ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের এসব ভূগোলিক বাস্তবতা সহজেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলকে বিচ্ছিন্ন করে দিতে পারে। তিনি বলেন, “আমি শুধু ভৌগোলিক বাস্তবতা তুলে ধরছি, যেগুলো অনেকে ভুলে যেতে পারেন।” তার এই বক্তব্য ইতোমধ্যেই বিতর্ক সৃষ্টি করেছে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

প্রসঙ্গত, ভারতের শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেন নেক’ নামে পরিচিত, সেটিও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র ২০ কিলোমিটার প্রস্থের এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যের সঙ্গে যুক্ত রাখে। হিমন্ত শর্মা মন্তব্য করেন, এই করিডোর বিঘ্নিত হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এর বিকল্প অবকাঠামো গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।

বাংলাদেশের ভূখণ্ড সংক্রান্ত এ ধরনের বক্তব্যকে অনেকেই ‘সাংবিধানিক সীমালঙ্ঘন’ এবং ‘সীমান্তবর্তী অঞ্চলে অস্থিতিশীলতার ইঙ্গিত’ হিসেবে দেখছেন। তবে এ নিয়ে এখনো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate