জীবনের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে মানুষ কত কিছুই না করে। তবে যুক্তরাষ্ট্রের এক যুগল নিজেদের বিয়ের দিনটিকে যে উচ্চতায় নিয়ে গেছেন, তা আক্ষরিক অর্থেই সাধারণের ধরাছোঁয়ার বাইরে। পেশাদার স্কাইডাইভার মাইক মিসরুন ও মেগান ওয়ালশ নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেছেন মাটি থেকে ১৪ হাজার ফুট উঁচুতে থাকা বিমান থেকে নিচে লাফিয়ে পড়ার মধ্য দিয়ে।
নিউইয়র্কের ‘স্কাইডাইভ সেনেকা লেক’-এর প্রশিক্ষক এই যুগলের রোমাঞ্চকর এ যাত্রায় সঙ্গী হয়েছিলেন বিয়ের আমন্ত্রিত অতিথিরাও। বিমান থেকে লাফ দেওয়ার পর ঘণ্টায় প্রায় ১২০ মাইল বেগে নিচে নেমে আসেন তাঁরা। ব্যতিক্রমী এই আয়োজনের জন্য কনে মেগান স্কাইডাইভিংয়ের উপযোগী করে নকশা করা একটি বিশেষ বিয়ের পোশাক পরেন, সে সময় শূন্যে ভাসমান অবস্থাতেও তাঁর হাতে ছিল বিয়ের ফুলের তোড়া। অন্যদিকে বর মাইক লাফ দেন আনুষ্ঠানিক স্যুট পরেই। মাটিতে নিরাপদে অবতরণের পর প্যারাসুটের আড়ালেই মেগান মূল অনুষ্ঠানের জন্য আরেকটি আকর্ষণীয় বিয়ের পোশাক পরে নেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, স্কাইডাইভিং থেকেই মূলত মাইক ও মেগানের পরিচয় এবং প্রেমের শুরু। এর আগে আকাশে ভাসমান অবস্থাতেই মেগানকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মাইক। স্মৃতিবিজড়িত সেই আকাশ থেকেই এবার একসঙ্গে লাফিয়ে জীবনের নতুন এক রোমাঞ্চকর অধ্যায় শুরু করলেন এই স্কাইডাইভার যুগল।











