সর্বশেষ

অণ্ডকোষ ফেলে দিলে বাড়তে পারে আয়ু, গবেষণায় চমকপ্রদ ফল

F626867a 9183 47e3 a9fa a74cbed3e707 largeWeb Popup (3)

বয়স বাড়ার পরও অণ্ডকোষ অপসারণ করলে আয়ু বাড়তে পারে—এমনকি প্রাপ্তবয়স্ক অবস্থায় এ অস্ত্রোপচার করা হলে আয়ু বৃদ্ধির হার আরও বেশি হতে পারে বলে ইঁদুরের ওপর চালানো নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক পুরুষ ইঁদুরের অণ্ডকোষ অপসারণের পর তাদের আয়ু ৩৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্স’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞানীদের প্রচলিত ধারণা ছিল, দীর্ঘায়ুতে এ ধরনের প্রভাব পেতে হলে জীবনের শুরুর দিকেই অণ্ডকোষ অপসারণ করতে হবে। তবে নতুন গবেষণার ফল সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। গবেষকদের আশা, এ প্রভাবের পেছনের জৈবিক প্রক্রিয়া শনাক্ত করা গেলে ভবিষ্যতে অস্ত্রোপচার ছাড়াই দীর্ঘায়ু বাড়ানোর চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন সম্ভব হতে পারে।

মানুষসহ অনেক স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীদের আয়ু বেশি। যুক্তরাষ্ট্রে পুরুষ ও নারীর গড় আয়ুর ব্যবধান প্রায় ছয় বছর। ক্যানসার ও হৃদ্‌রোগসহ বয়সজনিত অধিকাংশ রোগেও পুরুষদের ঝুঁকি বেশি। আত্মহত্যা, হত্যাকাণ্ড ও দুর্ঘটনার মতো কারণগুলো বাদ দিলেও এ ব্যবধান থেকে যায়। নারীদের দীর্ঘায়ুর পেছনে সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট না হলেও পুরুষের অণ্ডকোষ এ ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রাখে বলে বেশ কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। ১৯৬৯ সালের একটি গবেষণায় মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের একটি প্রতিষ্ঠানে অনিচ্ছাকৃতভাবে অণ্ডকোষ অপসারণ করা ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছিল, এতে তাঁদের আয়ু এক দশকের বেশি বাড়তে পারে। এ ছাড়া ২০২৫ সালে ২২টি মেরুদণ্ডী প্রাণী প্রজাতির তথ্য বিশ্লেষণেও অণ্ডকোষ অপসারণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক পাওয়া যায়।

পরীক্ষাগারে ইঁদুরের ওপর এ প্রভাব নিয়ে গবেষণা করা সহজ ছিল না, কারণ বিভিন্ন প্রজাতির ইঁদুরের আয়ুর পার্থক্য ভিন্ন। তবে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টার অ্যাট স্যান অ্যান্টোনিওর বার্ধক্যবিষয়ক গবেষক জেমস নেলসন ও তাঁর সহকর্মীরা এমন একটি ইঁদুরের বংশধারা নিয়ে গবেষণা করেন, যেখানে মানুষের মতোই নারী ইঁদুরের আয়ু বেশি। সে সময় বয়ঃসন্ধির আগে পুরুষ ইঁদুরের অণ্ডকোষ অপসারণ করে দেখা যায়, তাদের আয়ু নারী ইঁদুরের কাছাকাছি পৌঁছেছে। এর ধারাবাহিকতায় নতুন গবেষণায় নেলসন, তাঁর স্নাতক শিক্ষার্থী লরেন্স মেইয়েন্স ও সহকর্মীরা জানতে চেয়েছেন, জীবনের কোন পর্যায় থেকে অণ্ডকোষের এ নেতিবাচক প্রভাব শুরু হয়।

এ জন্য একই বংশধারার পুরুষ ইঁদুরের অণ্ডকোষ তিনটি ভিন্ন বয়সে অপসারণ করা হয়—একটি দলকে বয়ঃসন্ধির আগে, দ্বিতীয় দলকে বয়ঃসন্ধির পরপরই এবং তৃতীয় দলকে ২৪০ দিন বয়সে (মানুষের হিসাবে প্রায় ৩০ বছর)। দেখা গেছে, তিনটি দলের ইঁদুরই অস্ত্রোপচার না করা দলের তুলনায় বেশি দিন বেঁচেছে। তবে সবচেয়ে বেশি, প্রায় ৩৩ শতাংশ আয়ু বেড়েছে প্রাপ্তবয়স্ক বয়সে অণ্ডকোষ অপসারণ করা ইঁদুরের। বয়ঃসন্ধির আগে ও পরে অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু বেড়েছে যথাক্রমে ১৯ ও ২৬ শতাংশ। গবেষক স্টিভ অস্টাডের মতে, প্রাপ্তবয়স্ক বয়সে অস্ত্রোপচার করা ইঁদুরগুলো সঙ্গে সঙ্গেই দীর্ঘায়ুর সুবিধা পেতে শুরু করে এবং অস্ত্রোপচারের পর এক বছরের বেশি সময় ধরে ওই দলের কোনো ইঁদুর মারা যায়নি।

গবেষকদের ধারণা, জীবনের শুরুর দিকে অণ্ডকোষ থাকা কিছু উপকার দিলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রভাব ক্ষতিকর হয়ে উঠতে পারে। তবে অণ্ডকোষ অপসারণের পর ঠিক কী কারণে ইঁদুরের আয়ু বাড়ল, তা এখনো রহস্য। কারণ, অস্ত্রোপচার করা ইঁদুরগুলোর শারীরিক অবস্থার উন্নতির স্পষ্ট প্রমাণ মেলেনি; বরং বয়স বাড়ার অন্যান্য লক্ষণ একই গতিতে দেখা গেছে। পুরুষের শরীরে টেস্টোস্টেরনের ৯০ শতাংশের বেশি অণ্ডকোষ থেকে উৎপন্ন হলেও দীর্ঘায়ুর এ পরিবর্তনের সঙ্গে টেস্টোস্টেরনের সরাসরি সম্পর্ক আছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ইঁদুরের ওপর পাওয়া এ ফলাফল এখনই মানুষের ক্ষেত্রে প্রয়োগের পর্যায়ে পৌঁছায়নি। তবে এ গবেষণার সূত্র ধরে ভবিষ্যতে অণ্ডকোষ অপসারণ ছাড়াই দীর্ঘায়ু বাড়াতে সক্ষম এমন ওষুধ বা চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের পথ খুলতে পারে বলে আশা করছেন তাঁরা। সূত্র: সায়েন্স

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)