আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সফর উপলক্ষে তাঁকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।
রোববার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২(ক) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালীন তাঁকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে। এস আর ও নং ৪১৯-আইন/২০২৬ নম্বরে জারি করা প্রজ্ঞাপনটি সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো বিদেশি সরকারপ্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর হতে যাচ্ছে। কূটনৈতিক সূত্র অনুযায়ী, ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আনোয়ার ইব্রাহিমের। পরদিন ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। ফলে ঢাকায় তাঁর অবস্থান প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা হতে পারে।
আরও
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সফরে দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ, শ্রমবাজার, কর্মীদের অধিকার ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতা বৈঠকে গুরুত্ব পেতে পারে। এ ছাড়া হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও প্রযুক্তি খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান। আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২২ জুন কুয়ালালামপুরে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, জনশক্তি, কৃষি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছিল। পাশাপাশি উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত সংলাপের মাধ্যমে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছিলেন দুই নেতা।









