সৌদি আরব থেকে দেশে ফিরেই বিমানবন্দরে ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন এক প্রবাসী যাত্রী। মুহূর্তেই তাঁর হাত থেকে স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয় এবং পকেট থেকে খোয়া যায় ১০ হাজার টাকা। তবে আনসার সদস্যদের তৎপরতায় পালানোর আগেই চক্রের এক নারী সদস্য আটক হয়েছেন এবং উদ্ধার করা হয়েছে প্রবাসীর স্মার্টফোনটি।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে আনসারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে সৌদি আরব থেকে দেশে ফেরেন প্রবাসী মো. সুমন মিয়া। বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় মালামাল রেখে তিনি ভেতরে ডলার ভাঙাতে যান। ফিরে এলে সেখানে অবস্থানরত তিন নারী তাঁর কাছে সাহায্য চান। সুমন মিয়া সাহায্য করতে অস্বীকৃতি জানালে তাঁদের একজন কৌশলে তাঁর পকেট থেকে ১০ হাজার টাকা চুরি করেন এবং অন্যজন হাত থেকে স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন।

আরও
এ সময় ওই প্রবাসী চিৎকার শুরু করলে ক্যানোপি-২ এলাকায় দায়িত্বরত আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁদের তাৎক্ষণিক তৎপরতায় ছিনতাইকারী চক্রের সদস্য মোছা. পাখিকে (২২) হাতেনাতে আটক করা হয় এবং প্রবাসীর স্মার্টফোনটি উদ্ধার করা হয়। তবে চক্রের অপর দুই নারী ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। পরে আটক নারীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।










