জমি নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহের মহেশপুরে মাহবুব তরফদার (৮০) নামের এক বৃদ্ধের মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। দুই ছেলের নামে জমি লিখে দেওয়ার অভিযোগ তুলে তাঁর অপর এক ছেলে ও তিন মেয়ে দাফনে বাধা দেন। এতে প্রায় ১৩ ঘণ্টা ধরে দাফন ছাড়াই বাড়িতে পড়ে রয়েছে বৃদ্ধের মরদেহ। শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়িয়া তরফদার পাড়ায় এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুব তরফদার। তাঁর তিন ছেলে ও তিন মেয়ে রয়েছেন। অভিযোগ রয়েছে, বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার জোরপূর্বক বাবার কাছ থেকে নিজেদের নামে জমি রেজিস্ট্রি করে নিয়েছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে সন্তানদের মধ্যে বিরোধ চলছিল। গত দুই বছর ধরে মেজো ছেলে বাক্প্রতিবন্ধী রফিকুল তরফদার ও তিন বোনকে বাবার সঙ্গে দেখা করতেও দেওয়া হচ্ছিল না; এ ঘটনায় তাঁরা আদালতে মামলাও করেছিলেন।
আরও


শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন বাড়িতে এসে মরদেহ দাফনে বাধা দেন। তিন মেয়ের দাবি, প্রাপ্য জমি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাঁরা বাবার মরদেহ দাফন করতে দেবেন না। তবে জোরপূর্বক জমি লিখে নেওয়ার অভিযোগ অস্বীকার করে বড় ছেলে মনিরুল ও ছোট ছেলে শফি দাবি করেছেন, কোনো জোরজবরদস্তি করা হয়নি; বাবা স্বেচ্ছায় তাঁদের দুই ভাইয়ের নামে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিরসনে স্থানীয়ভাবে দফায় দফায় মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।










