সর্বশেষ

খাবার খাওয়ানো বৃদ্ধার মৃত্যুর পর কবর ছেড়ে যাচ্ছে না পথকুকুর

বৃদ্ধা আমিনাWeb Popup (3)

যে মানুষটি প্রতিদিন ডেকে খাবার খাওয়াতেন, তাঁর মৃত্যুর পরও সেই মানুষটির কবর ছেড়ে যায়নি একটি পথকুকুর। দিনের পর দিন কবরের পাশে বসে থাকা কুকুরটির এমন ভালোবাসার গল্প ছুঁয়ে গেছে ভারতের কেরালার একটি গ্রামের মানুষের হৃদয়।

গত ২৫ এপ্রিল ভারতের সংবাদমাধ্যম ইটিভি ভারত এ ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, কেরালার মালাপ্পুরম জেলার ৬৫ বছর বয়সী আমিনা প্রতিদিন একটি পথকুকুরকে খাবার খাওয়াতেন। তাঁর স্নেহ-যত্নেই অভ্যস্ত হয়ে উঠেছিল কুকুরটি।

কয়েক দিন আগে রাস্তার ওপর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান আমিনা। সে সময় কুকুরটি তাঁকে ঘিরে চিৎকার করে ডাকতে থাকে। কুকুরটির ডাক শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আমিনাকে উদ্ধার করেন। তবে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

আমিনার মৃত্যুর পরও তাঁর সঙ্গ ছাড়েনি কুকুরটি। জানাজা ও শেষযাত্রায়ও সঙ্গী হয়েছিল সে। দাফন শেষে সবাই বাড়ি ফিরে গেলেও কুকুরটি থেকে যায় কবরস্থানে। আমিনার কবরের পাশেই বসে থাকে, যেন অপেক্ষা করছে প্রিয় মানুষটি আবার ফিরে আসবেন। প্রতিবেদন প্রকাশের সময় টানা তিন দিন ধরে কুকুরটিকে আমিনার কবরের পাশে থাকতে দেখা যায়। আমিনার সন্তান ও নাতি-নাতনিরা প্রতিদিন কবর জিয়ারত করতে এলে তাদের সঙ্গে থাকে কুকুরটি। পরিবারের সদস্যরা মসজিদে গেলে সে নীরবে কবরের পাশেই বসে বা শুয়ে পাহারা দেয়।

মসজিদের তত্ত্বাবধায়ক ফয়সাল ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, আমিনা রাস্তায় পড়ে যাওয়ার সময় কুকুরটি চিৎকার করে না ডাকলে কেউ হয়তো তাঁর অসুস্থতার বিষয়টি জানতে পারতেন না। একসময় যিনি প্রতিদিন খাবার দিয়ে কুকুরটির ক্ষুধা মেটাতেন, তাঁর মৃত্যুর পর সেই কবরই যেন কুকুরটির শেষ আশ্রয় হয়ে উঠেছে। মানুষের প্রতি প্রাণীর এমন অকৃত্রিম টান আবারও মনে করিয়ে দেয়, ভালোবাসার ভাষা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়।

আরো দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)