চট্টগ্রামের রাউজানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে ছেলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে মো. সেলিম উদ্দিন নামের এক বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি উপজেলার কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক ছিলেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাঁকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার ভোরে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল বের হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন সেলিম উদ্দিনের ছেলে সজীব উদ্দিন। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ তাঁকে শনাক্ত করেছে। পুলিশ জানায়, সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী সজীব সম্প্রতি দেশে ফিরে আবারও ছাত্রলীগের কার্যক্রমে সক্রিয় হয়েছেন। এর আগেও তিনি সংগঠনটির সঙ্গে যুক্ত ছিলেন।
কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম জানান, ছেলের এমন বিতর্কিত ভূমিকার জন্য সেলিম উদ্দিনকে এর আগে কয়েকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি ছেলেকে এসব কর্মকাণ্ড থেকে বিরত রাখতে ব্যর্থ হওয়ায় সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাঁকে দলীয় সব দায়িত্ব থেকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সজীবের নেতৃত্বেই স্বল্প সময়ের জন্য ওই মিছিলটি বের করা হয়েছিল। এতে অংশ নেওয়া বাকি ব্যক্তিরা ছিল বহিরাগত। এদিকে, সোমবার রাতে একই এলাকায় টায়ার জ্বালিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।










