সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে শেখ খলিফা বিন জায়েদ রোডে পরপর দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের সবার পরিচয় শনাক্ত করেছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ১০ জন আমিরাতি এবং ৪ জন ভারতীয় নাগরিক রয়েছেন। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরের দিকের ওই দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হন। মর্মান্তিক এই প্রাণহানির ঘটনায় ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ফুজাইরাহমুখী ওই সড়কে মূলত দুটি দুর্ঘটনা ঘটে। প্রথমে একটি প্রাইভেট কার রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এর কিছুক্ষণ পরই দুটি শিপিং কনটেইনারবাহী আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যানজটে আটকে থাকা বেশ কয়েকটি গাড়ির ওপর উল্টে পড়ে। এতে ট্রাকটিতে ভয়াবহ আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা আশপাশের গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। সব মিলিয়ে ১৮টি ছোট গাড়ি এবং ৫টি ট্রাক এই ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নিহত ৪ ভারতীয়ের মধ্যে তিনজন কেরালার এবং একজন গুজরাটের বাসিন্দা। অন্যদিকে আহত ৩০ জনের মধ্যে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আহতদের মধ্যে আমিরাত ও ভারতের নাগরিকদের পাশাপাশি ওমান, মিসর, জর্ডান, পাকিস্তান ও ব্রাজিলের নাগরিকরাও রয়েছেন। এমন বিভীষিকাময় দুর্ঘটনার পর ফুজাইরাহজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।










