দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। চলতি নভেম্বর মাসের শেষ দিক থেকেই দেশটিতে কর্মী পাঠানো শুরু হবে। নির্ধারিত এই খরচের বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে বা কোনো ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (১৫ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চলা এই অধিবেশনে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সরকারি খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হলেও বাজারে ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট। মেডিকেল সেন্টার নির্বাচন নিয়েও নানা টালবাহানা চলছে। নির্ধারিত খরচে সাধারণ মানুষ যেন বিদেশে যেতে পারেন, তা নিশ্চিত করতে তিনি একটি সংসদীয় মনিটরিং কমিটি গঠনের প্রস্তাব দেন। এর জবাবে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, সোমবারই মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে এবং মাসের শেষেই ফ্লাইট শুরু হবে। অতিরিক্ত টাকা নিলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এর আগে অধিবেশনে আরেক সংসদ সদস্য রুহুল আমিন প্রবাসীদের নানা হয়রানির চিত্র তুলে ধরেন। তিনি বিমানবন্দরে লাগেজ কাটা, দালাল চক্রের নির্যাতন, পরিবারের কাছে টাকা পাঠিয়ে প্রতারিত হওয়া এবং দূতাবাসে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ করেন। জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, প্রবাসীদের তাৎক্ষণিক সেবা দিতে প্রতিটি মিশনে আলাদা ডেস্ক বসানো হয়েছে। ইমেইলে কোনো অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনকি মধ্যপ্রাচ্যে সংঘাতের সময়ও প্রবাসীদের চিকিৎসাসহ সার্বিক খোঁজখবর তাদের পরিবারের কাছে নিয়মিত পৌঁছে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।










