ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতির সঙ্গে লড়াই তীব্র হওয়ার মধ্যেই এবার সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আল জাজিরার খবরে বলা হয়, রোববার (১৫ নভেম্বর) ভোরে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে রিয়াদমুখী এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এর আগে শনিবার তিনি রিয়াদ ও দক্ষিণাঞ্চলে আরও দুটি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছিলেন।
সৌদি কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২৩ সেপ্টেম্বর থেকে হুতির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। গোষ্ঠীটি বারবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, তেল পাইপলাইন এবং অন্যান্য তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইয়েমেনের মারিব শহরের দিকে ছোড়া বেশ কয়েকটি ড্রোনও সফলভাবে প্রতিহত করার দাবি করেছে সৌদি জোট।
ইয়েমেন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি জানিয়েছেন, সৌদি-সমর্থিত বাহিনী তাইজ, লাহিজ, মারিব ও আল-জাওফ প্রদেশে ৭২৩টি লক্ষ্যভিত্তিক অভিযান চালিয়েছে। এতে হুতির ৩২১ জন নেতা ও সদস্য হতাহত এবং ১১৭টি সামরিক যান ধ্বংস হয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে হুতির নিয়ন্ত্রণাধীন সানায় সৌদি জোটের গোলাবর্ষণে দুই নারী ও দুই শিশু আহত হয়েছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, আগস্ট থেকে চলমান এই সংঘাতে ইয়েমেনে ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।








