‘ভিক্ষা বকেয়া পরিশোধ করুন, অন্যথায় ফকির থেকে নিজেকে বিচ্ছিন্ন করা হবে!’—এমনই ব্যতিক্রমী ও রসিকতাপূর্ণ মাইকিং করে গাজীপুর মহানগরীর পূবাইল বাজারে ভিক্ষা সংগ্রহ করছেন দৃষ্টিপ্রতিবন্ধী মোশাররফ হোসেন হাওলাদার। দুই চোখে দেখতে না পেলেও এক হাতে লাঠি ও অন্য হাতে মাইক নিয়ে তাঁর এই সাবলীল ঘোষণায় পুরো বাজারজুড়ে ব্যাপক হাস্যরস ও কৌতূহল তৈরি হয়েছে।
শনিবার সকালে পূবাইল বাজারের বিভিন্ন স্থানে মাইক হাতে ঘুরতে দেখা যায় মোশাররফকে। অনেকটা সরকারি বিজ্ঞপ্তির আদলে তিনি ঘোষণা দিচ্ছিলেন, ‘পূবাইল বাজারের যেসব ব্যবসায়ী ২০২৬ সালের ভিক্ষা বকেয়া রেখেছেন, তাঁরা দ্রুত পরিশোধ করুন। অন্যথায় ফকির থেকে নিজেকে বিচ্ছিন্ন করা হবে। মানুষ মারা গেলেও ফকির-মিসকিন পাওয়া যাবে না!’ মজার বিষয় হলো, ভিক্ষা গ্রহণের একটি সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। ঘোষণা অনুযায়ী, দুপুর ১২টা ৩৫ মিনিটের পর আর কোনো ভিক্ষা গ্রহণযোগ্য হবে না এবং ভিক্ষার সর্বনিম্ন পরিমাণ হতে হবে ৫ টাকা।
তাঁর এমন অভিনব ঘোষণায় থমকে দাঁড়ান পথচারী ও ব্যবসায়ীরা। অনেকেই হাসিতে মেতে ওঠেন এবং আগ্রহ নিয়ে তাঁর কথা শুনে ভিক্ষা দেন। কেউ কেউ মোবাইল ফোনে তাঁর মাইকিংয়ের দৃশ্য ধারণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, টাকা হাতে নিয়ে স্পর্শ ও গন্ধ শুঁকে নোটের মূল্য শনাক্ত করতে পারেন মোশাররফ। স্থানীয়দের মতে, ভিক্ষুক তো অনেকেই দেখেছেন, কিন্তু মাইক হাতে এমন ‘ভিক্ষা আদায়ের আলটিমেটাম’ আগে কখনো দেখেননি। জীবিকার তাগিদে তাঁর এই ব্যতিক্রমী কৌশল এখন পুরো এলাকার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।








