সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশজুড়ে আকস্মিক সতর্কতা জারি করেছে মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইন। রোববার (১৫ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক দুটি সতর্কবার্তার মাধ্যমে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। গত সেপ্টেম্বরের পর উপসাগরীয় দেশটিতে এটিই প্রথম এ ধরনের সতর্কতা জারি।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভাব্য হুমকির বিষয়ে বিস্তারিত কিছু খোলাসা করা হয়নি। তবে মাত্র দুদিন আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছিল, তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করে জানায়, তারা সফলভাবে দুটি ইরানি ড্রোন বা চালকবিহীন বিমান প্রতিহত করেছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পারস্য উপসাগরের পশ্চিম অংশে অবস্থিত এই বাহরাইনেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এই অঞ্চলে যেকোনো সংঘাতের সরাসরি প্রভাব পড়ার প্রবল ঝুঁকিতে রয়েছে দেশটি।










