হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাসনামলে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে গিয়ে প্রায় ২০ মিলিয়ন ডলার নগদ অর্থ উদ্ধার করেছেন দেশটির তদন্তকারীরা। বনভূমির মাটির নিচে পুঁতে রাখা অর্থের বান্ডিল থেকে শুরু করে খামারবাড়ি, গুদাম ও নির্জন স্থানের সিন্দুক থেকে বিপুল পরিমাণ এই অর্থ উদ্ধার করা হয়। হাঙ্গেরির ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রটেকশন অফিসের নেতৃত্বে গত ১২ ও ১৩ নভেম্বর রাজধানী বুদাপেস্টসহ তিন অঞ্চলে এই অভিযান চালানো হয়।
অর্থমন্ত্রী আন্দ্রাস কারমান জানিয়েছেন, উদ্ধার করা এই বিপুল অর্থ গণনা করতে কোষাগারের ১২ জন কর্মীর টানা আট ঘণ্টা সময় লেগেছে। মূলত সাবেক উন্নয়নমন্ত্রী মিকলোস শেস্তাককে ঘিরে চলমান দুর্নীতির তদন্তের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়। তদন্তকারীদের সন্দেহ, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্বে থাকা শেস্তাক বিভিন্ন সরকারি চুক্তি ও কেনাকাটায় ৩ কোটি ৭২ লাখ ডলারের বেশি ঘুষ ও কমিশন নিয়েছেন। গত সেপ্টেম্বরে তাঁকে আটক করা হলেও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে, গত এপ্রিলে নির্বাচনে জয়ী হওয়া বর্তমান প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার এই ঘটনাকে স্বাগত জানিয়ে একে ‘ফিদেজ-কেডিএনপি মাফিয়া’ ব্যবস্থার অবসান হিসেবে আখ্যায়িত করেছেন। তবে অরবান অভিযোগ করেছেন, তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দিতেই এই তদন্তকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অরবানের শাসনামলে দুর্নীতির দায়ে এরই মধ্যে সাবেক কেন্দ্রীয় ব্যাংক গভর্নরসহ আরও কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও
আরও দেখুন









