সর্বশেষ
ব্রেকিং

মানসিক ভারসাম্যহীন হারিয়ে বাহরাইনের রাস্তায় ঘুরছিলেন লিলুফা বেগম

Dhaka postWeb Popup (3)

পরিবারের মুখে হাসি ফোটাতে ও একটু সচ্ছলতার আশায় দীর্ঘ ৩২ বছর আগে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল গ্রামের লিলুফা বেগম। তবে ভাগ্য তার সহায় হয়নি। দীর্ঘ প্রবাসজীবন, স্বজনদের সঙ্গে বিচ্ছিন্নতা এবং কারাবাসের চরম তিক্ত অভিজ্ঞতা শেষে গত ১০ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। দেশে ফিরলেও শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে নিজের নাম-পরিচয় বা পরিবারের কোনো তথ্যই ঠিকমতো জানাতে পারছিলেন না এই নারী। এ অবস্থায় বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক জরুরি সহায়তার জন্য তাকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কাছে হস্তান্তর করে।

Resize

বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে লিলুফাকে উত্তরায় ব্র্যাক লার্নিং সেন্টারে নেওয়া হয়। সেখানে তার ব্যক্তিগত পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় পোশাক ও জরুরি সামগ্রী সরবরাহের পাশাপাশি নিরাপদ পরিচর্যার ব্যবস্থা করা হয়। মানসিক অসুস্থতার কারণে তথ্য পাওয়া কঠিন হলেও, দীর্ঘক্ষণ কথা বলার একপর্যায়ে জানা যায় তার বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে। এই সূত্রের ভিত্তিতে ব্র্যাকের স্থানীয় কর্মীরা তার দুই বোন মাজেদা বেগম ও শামসুন্নাহারের সন্ধান পান। ওই দিন রাত ১০টার দিকে দুই বোন ঢাকায় এসে পৌঁছান এবং দীর্ঘ ৩২ বছর পর অসুস্থ বোনকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।

লিলুফার বোনেরা জানান, ১৯৯৪ সালে বাহরাইনে যাওয়ার পর প্রথম কয়েক বছর দালাল তার সব উপার্জিত অর্থ আত্মসাৎ করে। পরে ছোট ভাই তাকে খুঁজে বের করলে তিনি ভাইয়ের সঙ্গেই থাকতেন এবং দেশে থাকা বাবা-মায়ের জন্য নিয়মিত অর্থ পাঠাতেন। ১৬ বছর আগে একবার ছুটিতে দেশে এসেছিলেন লিলুফা। এরপর থেকে দীর্ঘ সময় পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ ছিল না। তিন মাস আগে ভাইয়ের মেয়ের বিয়ের সময় পরিবার জানতে পারে, লিলুফা মানসিক ভারসাম্য হারিয়ে বাহরাইনের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। বাবা-মা মারা গেছেন, ভাই-বোনদের সবার সংসার হয়েছে, অথচ নিজের জীবনের সবটুকু বিলিয়ে দিয়ে আজ তিনি নিঃস্ব ও দিশেহারা।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাহরাইন পুলিশ তাকে রাস্তা থেকে উদ্ধার করে। বৈধ কাগজপত্র না থাকায় তাকে কারাগারে পাঠানো হয় এবং পরে ট্রাভেল পাসের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়। দুঃখজনক বিষয় হলো, দেশে পাঠানোর আগে ভাই তার দায়িত্ব নিতে রাজি হননি। ব্র্যাক বর্তমানে তার সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। প্রবাসে এমন বিপর্যস্ত হয়ে পড়া মানুষদের চিকিৎসায় রাষ্ট্রের আরও কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)