ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাত ও এর আশপাশের এলাকায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে আঘাত হানা ৪ দশমিক ৫ মাত্রার এই কম্পনের পর ওই অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে, মিশরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল আট কিলোমিটার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কম্পনের তীব্রতায় ইলাতের কাছে অবস্থিত রামোন বিমানবন্দরে বেশ কয়েকটি জানালা ভেঙে যায়। নিরাপত্তাজনিত কারণে ও অবকাঠামোগত কোনো ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিতে বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় এর স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে সতর্কতার অংশ হিসেবে ইলাত ও আরাভা অঞ্চলের বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ স্থাপনা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড।
এদিকে, ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় দেশের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে আগামী ২০২৭ সালকে ‘ভূমিকম্প প্রস্তুতির বছর’ হিসেবে ঘোষণা করেছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আগামী বছরজুড়ে স্থানীয় কর্তৃপক্ষের প্রস্তুতি জোরদার, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের সামর্থ্য বৃদ্ধি এবং আইডিএফের সার্বিক সক্ষমতা বাড়াতে দেশব্যাপী ধারাবাহিক প্রশিক্ষণ ও জাতীয় মহড়া অনুষ্ঠিত হবে।










