Opens in a new tab
সর্বশেষ

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, সহকর্মীর সঙ্গে ‘সম্পর্কে’ জড়িয়ে কারাগারে শিক্ষিকা

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা চাকরিWeb Popup (3)

প্রবাসী স্বামীর হাড়ভাঙা খাটুনির টাকায় উচ্চশিক্ষা গ্রহণ করে সরকারি চাকরি পেয়েছিলেন স্ত্রী। কিন্তু চাকরি পাওয়ার পর সেই স্ত্রীর বিরুদ্ধেই সহকর্মী শিক্ষকের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে স্বামীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। বরিশালের মুলাদী উপজেলায় ঘটা এই চাঞ্চল্যকর ঘটনায় ওই শিক্ষিকা ও তার কথিত প্রেমিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযুক্ত ওই শিক্ষিকাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে শিশু কল্যাণ ট্রাস্ট। সর্বস্বান্ত প্রবাসী স্বামী এখন তার দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

ভুক্তভোগী ওই প্রবাসী স্বামীর নাম মনির হোসেন চৌধুরী। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আসোলী সন্তোষপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, ২০১২ সালে মুলাদী উপজেলার ডিক্রীরচর গ্রামের নাসরিন সুলতানার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীর উচ্চশিক্ষার প্রবল আগ্রহ দেখে মনির প্রবাসে কঠোর পরিশ্রম করে সেই খরচ জোগান। স্বামীর পাঠানো টাকায় পড়াশোনা শেষ করে মুলাদীর কাজিরচর ইউনিয়নের বেগম সামছুন্নাহার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরিও পান নাসরিন। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার পরই তার জীবনে নতুন মোড় আসে।

অভিযোগ উঠেছে, ওই বিদ্যালয়ে চাকরি করার সুবাদেই সহকর্মী ও বানারীপাড়া উপজেলার চাখার গ্রামের বাসিন্দা তারিকুল ইসলামের সঙ্গে নাসরিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের এই অনৈতিক সম্পর্কের বিষয়টি এলাকায় জানাজানি হলে ২০২৪ সালে তারিকুলকে ভোলার একটি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। তবে বদলি হলেও তাদের মধ্যকার গোপন যোগাযোগ অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় গত জুলাই মাসে স্বামী মনিরকে হঠাৎ তালাক দিয়ে প্রেমিক তারিকুলকে বিয়ে করেন নাসরিন। অভিযোগ রয়েছে, বাড়ি ছাড়ার সময় নাসরিন তার প্রবাসী স্বামীর দীর্ঘদিনের জমানো টাকা ও বহুমূল্য স্বর্ণালংকার সঙ্গে করে নিয়ে যান।

প্রতারণার শিকার হয়ে গত ২০ জুলাই মনির হোসেন বরিশালের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কাজিরহাট) আমলি আদালতে স্ত্রীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন। এই মামলায় নাসরিন সুলতানা, তারিকুল ইসলাম ও তাদের সহযোগী জাহেদুল ইসলামকে আসামি করা হয়। গত সোমবার (২ নভেম্বর) নাসরিন ও তারিকুল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত বুধবার শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক সুরাইয়া খানের স্বাক্ষরিত এক আদেশে নাসরিনকে সাময়িক বরখাস্ত করা হয়। মুলাদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)