চীন ও ব্রুনেইয়ে সফল রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। বুধবার তিনি ওমানে পৌঁছান। তাঁর এই সফরে দেশ দুটির সঙ্গে বিনিয়োগ, ডিজিটাল লেনদেন ও দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন সুলতান। ফলস্বরূপ জ্বালানি, খনিজ, প্রযুক্তি ও লজিস্টিকস খাতে বড় বিনিয়োগ পেয়েছে ওমান। এর মধ্যে ১০০ কোটি ডলারের ব্যাটারি স্টোরেজ প্রকল্প এবং প্রায় ৪২ কোটি ডলারের মাইনিং চুক্তি সবচেয়ে উল্লেখযোগ্য। পাশাপাশি ডিজিটাল পেমেন্ট নিয়ে চীনের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গেও একটি সমঝোতা হয়েছে।
এরপর ব্রুনেই সফরে দেশটির সুলতান হাজি হাসানাল বলকিয়াহর সঙ্গে বৈঠক করেন সুলতান হাইথাম। ওমানের কোনো সুলতানের এটাই প্রথম ব্রুনেই সফর। সেখানে কৌশলগত অংশীদারত্ব বৃদ্ধির পাশাপাশি বিশেষ পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রত্যাহার, জনশক্তি উন্নয়ন, স্বাস্থ্য ও কৃষি খাতে কয়েকটি চুক্তি সই হয়।










