সৌদি আরবের বিমানবন্দরে চলমান হামলার কারণে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে এই সময়ে জরুরি প্রয়োজনে যাত্রীদের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করার সুযোগ থাকছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যাত্রীদের উদ্ভূত পরিস্থিতি ও চাহিদার কথা বিবেচনা করে গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান। আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা অব্যাহত থাকবে। এর পাশাপাশি ঢাকা-মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে নিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, যাতে যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হয়।
স্থগিত হওয়া রুটগুলোতে ফ্লাইট চলাচল শুরুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি পরিস্থিতি পর্যবেক্ষণ করে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিমানের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। এর মধ্যে টিকিট বাতিল, রি-ইস্যু বা ভ্রমণসংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।









