ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার জেরে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৪১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ১০ অক্টোবর থেকে শুক্রবার রাত পর্যন্ত এসব ফ্লাইট বাতিল হওয়ায় চরম বিপাকে পড়েছেন অন্তত ২১ হাজার ৯৩৩ জন যাত্রী। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বেবিচক জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট ছিল। সরাসরি বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলার ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে, বিভিন্ন দেশে ট্রানজিট নিয়ে সৌদি যাওয়ার কথা থাকলেও নিজ নিজ দেশের নিষেধাজ্ঞার কারণে ইন্ডিগো, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, ফ্লাইদুবাই, সালামএয়ার, এয়ার ইন্ডিয়া ও ইজিপ্ট এয়ার ঢাকা থেকে কোনো যাত্রী বহন করেনি।
আরও


হুতিদের হামলার কারণে উদ্ভূত পরিস্থিতিতে রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছিল। হামলা চালানো হয়েছিল দাম্মামেও। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বিমানবন্দর কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়। এর আগে, হামলার পরপরই গত ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে নিজেদের সব ফ্লাইট বন্ধ রেখেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আকস্মিক এই ফ্লাইট বাতিলের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন হাজার হাজার রেমিট্যান্স যোদ্ধা।









