মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার আসরের নামাজের পর মসজিদুল হারামে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাঁকে মক্কার ঐতিহাসিক আল মুয়াল্লা কবরস্থানে দাফন করা হবে।
ইনসাইড দ্য হারামাইনের তথ্যমতে, সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে, সোমবার প্রথম ফজরের আজানটি তিনিই দিয়েছিলেন। এটিই ছিল ইসলামের পবিত্রতম এই মসজিদে তাঁর দেওয়া শেষ আজান। মৃত্যুর অল্প সময় আগে তাঁর সেই আজান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে ইনসাইড দ্য হারামাইন।
১৯৭৬ সালে মদিনায় জন্মগ্রহণ করেন শেখ ইব্রাহিম আল মাদানি। কোরআনে হাফেজ দাদার সান্নিধ্যে একটি ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে তাঁর বেড়ে ওঠা। পরবর্তী সময়ে তিনি কোরআনিক স্টাডিজ বা কোরআন গবেষণার ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। মুয়াজ্জিন হিসেবে তাঁর পথচলা শুরু হয়েছিল অত্যন্ত অল্প বয়সে। মাত্র ১৫ বছর বয়সে তিনি মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেওয়া শুরু করেন। স্নাতক পাসের পর মদিনার বাইরে শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ায় কিছুদিন এই দায়িত্ব থেকে দূরে ছিলেন তিনি।
আরও
পরবর্তী সময়ে ১৪২৮ হিজরিতে (২০০৭-০৮ সাল) তিনি পুনরায় মসজিদে আল-মাদ্দাহর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হন। সেখানে দায়িত্ব পালনের পর ১৪৩৯ হিজরিতে (২০১৭-১৮ সাল) তাঁকে পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়। মদিনায় বেড়ে ওঠার সুবাদে তাঁর আজানে মদিনার ঐতিহ্যবাহী রীতির গভীর প্রভাব ছিল। এ ছাড়া বাবার সঙ্গে মক্কায় যাতায়াতের সময় দাদার বন্ধু ও মসজিদুল হারামের সাবেক মুয়াজ্জিন শেখ আবদুল লতিফ মোল্লার সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিলেন তিনি। তাঁর কাছ থেকেই মক্কার নিজস্ব আজান শৈলীর সঙ্গেও গভীরভাবে পরিচিত হয়ে উঠেছিলেন শেখ ইব্রাহিম।











