ওমানে পুলিশি জরিমানায় অর্ধেক ছাড়ের লোভনীয় বার্তা পাচ্ছেন? সাবধান! এটি কোনো সরকারি ঘোষণা নয়, বরং সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অভিনব প্রতারণা। সম্প্রতি দেশটিতে এমন একটি সাইবার চক্র সক্রিয় হয়েছে জানিয়ে কঠোর সতর্কতা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ।
পুলিশ জানিয়েছে, অনলাইনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের লিংক ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেখানে মিথ্যা দাবি করা হচ্ছে যে, ট্রাফিক জরিমানার ওপর ৫০ শতাংশ পর্যন্ত আকর্ষণীয় ছাড় দিচ্ছে কর্তৃপক্ষ। মূলত সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদের গুরুত্বপূর্ণ ডেটা ও সংবেদনশীল ব্যক্তিগত তথ্য চুরি করাই এই প্রতারক চক্রের প্রধান লক্ষ্য।
উদ্ভূত এই পরিস্থিতিতে দেশের নাগরিক ও প্রবাসী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। অপরিচিত বা সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। পুলিশের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যেকোনো খবর বা তথ্য কেবল তাদের অফিশিয়াল এবং ভেরিফায়েড মাধ্যমগুলো থেকে যাচাই করে নিতে হবে। এছাড়া, অনলাইনে সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।










