সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলার পর সৃষ্ট আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক নিরাপত্তাকর্মী। নিহত ওই কর্মীর নাম সুলতান বিন আলি আল মাসতুর আল কাহতানি। গত বুধবার (২১ অক্টোবর) হামলার পর একটি যাত্রীবাহী বিমানের কাছে আগুন ধরে গেলে তিনি সাহসিকতার সঙ্গে তা নেভাতে ঝাঁপিয়ে পড়েন।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, হামলার সময় বিমানবন্দরের ১৯ ও ২০ নম্বর গেটের কাছে দায়িত্বরত ছিলেন সুলতান। আগুন দ্রুত বিমানে ছড়িয়ে পড়ার আশঙ্কায় তিনি নিজের জীবনের পরোয়া না করে হাতে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র নিয়েই ছুটে যান। আগুন নেভানোর কাজ শেষ হলেও প্রচণ্ড ধোঁয়ার কারণে তিনি মারাত্মক শ্বাসকষ্ট ও বুকে ব্যথায় আক্রান্ত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সুলতানের বাবা জানান, তাঁর ছেলে নিজের জীবনের চেয়ে যাত্রীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। হুতিদের এই হামলায় বিমানবন্দরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় সুলতানসহ মোট দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও আটজন।









