Long Popup (2)
সর্বশেষ

দুর্নীতির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস

Mirza abbas 1 826x497City

বিনা দরপত্রে সরকারি বাড়ি বিক্রির মাধ্যমে ১২৭ কোটি টাকার বেশি আর্থিক দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে করা ১৫টি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩–এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এসব মামলায় মির্জা আব্বাসসহ মোট ২১ জন আসামির সবাই বেকসুর খালাস পেয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, রাজধানীর ১৮টি পরিত্যক্ত বাড়ি বিক্রির ক্ষেত্রে রাজউকের সাজানো দরপত্রে কারচুপি ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল। অভিযোগ ছিল, পছন্দের ব্যক্তিদের এসব বাড়ি পাইয়ে দিয়ে অবৈধভাবে নিজে লাভবান হওয়ার পাশাপাশি সরকারের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকার আর্থিক ক্ষতিসাধন করা হয়। এই অভিযোগে ২০০৭ সালের ২৯ মার্চ মির্জা আব্বাসসহ ২১ জনকে আসামি করে পৃথক ১৫টি মামলা দায়ের করে দুদক। তদন্ত শেষে ওই বছরেরই ২৫ সেপ্টেম্বর তৎকালীন বিচারক শাহেদ নূরউদ্দীন আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছিলেন।

দুদকের দায়ের করা ১৫টি মামলার প্রতিটিতেই মির্জা আব্বাসসহ ১২ জনকে আসামি করা হয়েছিল। অন্য আসামিদের মধ্যে ছিলেন এস এম জাফর উল্লাহ, মো. এমদাদুল ইসলাম, মোহাম্মদ আলী, গোলাম নবী, কাজী রিয়াজুল মনির, জিয়াউদ্দিন আহমেদ, আবদুস সাদেক, হুমায়ুন খান, মীর মোশাররফ হোসেন, ইকবাল উদ্দিন চৌধুরী ও মো. শহীদ আলম। এ ছাড়া বিভিন্ন মামলায় বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ব্যবসায়ী আহমেদ আকবর সোবহানসহ মেহেদী হাসান, শফিকুর রহমান কিরন, নুরুচ্ছাফা, মো. শুকুর মিয়া, হাসনা আহমেদ এবং আলী হায়দার চৌধুরীকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আজ তাঁদের সবাইকে মামলাগুলো থেকে খালাস দিয়েছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate