Long Popup (2)
সর্বশেষ

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

Web Image 20260823City

প্রতিদিনের মতোই চেম্বারে বসে রোগী দেখছিলেন এক নারী চিকিৎসক। হঠাৎ মাস্ক পরা এক নতুন রোগী তাঁর চেম্বারে ঢুকে কিছু কাগজপত্র এগিয়ে দেন। চিকিৎসক প্রথমে কিছুই বুঝতে পারেননি। কিন্তু এরপর কাগজপত্রের মধ্যে পাসপোর্ট, বিমানের টিকিট ও বোর্ডিং পাস দেখে চমকে যান তিনি। বোর্ডিং পাসে লেখা নামটি যে তাঁরই প্রবাসী স্বামীর! এরপর মাস্ক খুলতেই ছয় বছর পর স্বামীকে সামনে দেখতে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন তিনি।

সম্প্রতি ভারতের রাজস্থানে ঘটা এমন একটি আবেগঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, মাস্ক পরা ওই যুবক চিকিৎসার কাগজপত্রের পরিবর্তে তাঁর স্ত্রীকে পাসপোর্ট ও টিকিট দেখালে প্রথমে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। কিন্তু বোর্ডিং পাসে স্বামীর নাম দেখার পর যুবকটি মুখের মাস্ক খুলে দিলে আনন্দে চেয়ার ছেড়ে ছুটে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন স্ত্রী। দীর্ঘ ছয় বছরের বিচ্ছেদের পর স্বামী-স্ত্রীর এই পুনর্মিলনের দৃশ্য দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

জানা গেছে, ‘রাহুল_বাবু_১এম_’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে ভিডিওটি লাখ লাখবার দেখা হয়েছে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এত বছর পর স্বামীর সঙ্গে দেখা হওয়ার আনন্দ সবাই অনুভব করতে পারে না।’ আরেকজন লিখেছেন, ভিডিওটি দেখে তাঁর চোখে পানি চলে এসেছে। প্রবাসজীবনের দীর্ঘ অপেক্ষা আর কষ্টের পর স্বামীর এই চমকপ্রদ ফিরে আসা সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের আবেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate