Long Popup (2)
সর্বশেষ

নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে

ImageCity

জীবনের অন্যতম বিশেষ দিন বিয়ের আসর। চারদিকে উৎসবের আমেজ, চলছে আনন্দ-আয়োজন। ঠিক এমন মুহূর্তেই আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন আয়োজনে থাকা ক্যাটারিং দলের দুই নারী কর্মী। তবে পরিস্থিতি সামাল দিতে একটুও দেরি করেননি স্বয়ং কনে। বিয়ের আনুষ্ঠানিকতা সাময়িকভাবে থামিয়ে চিকিৎসক হিসেবে নিজের পেশাদারি দায়িত্ব পালনে এগিয়ে আসেন তিনি। পরনে বিয়ের সাজ নিয়েই ওই দুই কর্মীকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেন এই চিকিৎসক কনে। সম্প্রতি ভারতের কেরালার কান্নুর জেলার পানুর এলাকায় ঘটে যাওয়া এই মানবিক ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নেটিজেনদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।

জানা গেছে, ওই কনের নাম ডা. শিরিন সুবায়ের। তিনি বর্তমানে ওট্টাপালমের ভাল্লুভানাড হাসপাতালে জরুরি চিকিৎসাবিদ্যায় স্নাতকোত্তর (এমডি) প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর স্বামী ডা. রিজাজও অন্ধ্র প্রদেশে অর্থোপেডিকস বিষয়ে স্নাতকোত্তর করছেন। বিয়ের আসরে ক্যাটারিং দলের এক নারীর হঠাৎ নাক দিয়ে রক্তপাত শুরু হয় এবং অন্যজন মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতার কথা জানান। উপস্থিত অতিথিরা শিরিনের পেশা সম্পর্কে জানতেন বলে তাৎক্ষণিকভাবে তাঁকে খবর দেন। পরিস্থিতি বুঝতে পেরে শিরিন নাক দিয়ে রক্ত পড়া নারীকে সামনের দিকে ঝুঁকিয়ে বসে ১০ থেকে ১৫ মিনিট নাকের নরম অংশ চেপে ধরে মুখ দিয়ে শ্বাস নেওয়ার পরামর্শ দেন। অন্যদিকে, মাথা ঘুরে যাওয়া নারীকে পা উঁচু করে শুইয়ে দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করেন। প্রয়োজনে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি রেখেই তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এই প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে প্রশংসায় ভাসলেও বিষয়টিকে মোটেও অসাধারণ বা বড় কিছু ভাবতে নারাজ এই চিকিৎসক দম্পতি। একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শিরিন জানান, চোখের সামনে কাউকে অসুস্থ হয়ে পড়তে দেখলে মানুষের সাহায্যে এগিয়ে যাওয়াটাই স্বাভাবিক প্রবৃত্তি। এটি কেবল তাঁর কর্তব্যের অংশ ছিল, এর বেশি কিছু নয়। তবে এই ঘটনার সূত্র ধরে তিনি সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড সম্পর্কে ধারণা থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। শিরিনের মতে, জরুরি মুহূর্তে যখন তাৎক্ষণিকভাবে চিকিৎসাসেবা পাওয়া কঠিন, তখন সাধারণ মানুষের জানা প্রাথমিক চিকিৎসা বা দ্রুত সিপিআর দেওয়ার মতো জ্ঞান রোগীর জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখতে পারে। একজন চিকিৎসক হিসেবে তাঁর এই তাৎক্ষণিক পদক্ষেপ সাধারণ মানুষকেও আপৎকালীন পরিস্থিতিতে সচেতন হতে নতুন করে বার্তা দিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate