Long Popup (2)
সর্বশেষ

ঢাকা বিমানবন্দরে পৃথক অভিযানে তরল সোনাসহ প্রায় ৩ কোটি টাকার পণ্য জব্দ

AIRPORT 20260822City

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা পাঁচ দিনের পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা সমমূল্যের সোনা ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গত ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত চালানো এসব তল্লাশিতে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে সোনার পেস্ট, দামি স্মার্টফোন, বিদেশি সিগারেট, মদ, গুঁড়ো দুধ ও নিষিদ্ধ প্রসাধনসামগ্রী। শুক্রবার (২১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিমানবন্দরে পরিচালিত এসব তল্লাশির মধ্যে সবচেয়ে বড় চালানটি ধরা পড়ে ১৭ আগস্ট। এদিন দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীর লাগেজ স্ক্যান করে ৮৮১ গ্রাম সোনা সদৃশ পেস্ট উদ্ধার করা হয়, যা গলিয়ে পরে ৪৬১ গ্রাম নিরেট সোনা পাওয়া যায়। একই সঙ্গে ওই যাত্রীর কাছ থেকে আট কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১৪ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়, যার সব মিলিয়ে আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৫ লাখ ৩৫ হাজার টাকা। এর পরদিন ১৮ আগস্ট কলম্বো থেকে আসা শ্রীলঙ্কান এয়ারলাইনসের এক যাত্রীর ব্যাগেজ থেকে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন মডেলের আইফোন, অন্যান্য মোবাইল ও বিদেশি ওষুধ উদ্ধার করেন কর্মকর্তারা।

পরবর্তী দিনগুলোতেও বিমানবন্দরে কড়া নজরদারি অব্যাহত রাখে সিআইআইডি। ২০ আগস্ট দুবাই ও বাহরাইনসহ বিভিন্ন রুট থেকে আসা বেশ কয়েকটি ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে ধাপে ধাপে বিপুল পরিমাণ নিষিদ্ধ ক্রিম, গুঁড়ো দুধ, ওষুধ, ভ্যাপ ও বিদেশি মদ জব্দ করা হয়। শুল্ক-করসহ ওই দিনের দুই শিফটের চালানের সম্মিলিত মূল্য ছিল প্রায় এক কোটি নয় লাখ টাকা। সবশেষ ২১ আগস্ট ফ্লাইদুবাই, এমিরেটস ও কাতার এয়ারওয়েজের যাত্রীদের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটকে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে আইফোন, পিক্সেল ফোন, ল্যাপটপ, হোয়াইটেনিং সিরাম ও মদ জব্দ করা হয়। সব মিলিয়ে এই পাঁচ দিনে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব পণ্যের মোট মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৬৪০ টাকায়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate