Long Popup (2)
সর্বশেষ

বৈধ পথে বাংলাদেশি শ্রমিক নিতে চায় যুক্তরাজ্য

1 msvl5q4dnahdgo2City

অবৈধ পথে অভিবাসন নিরুৎসাহিত করতে বাংলাদেশিদের জন্য বৈধ উপায়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ আরও প্রসারিত করতে চায় ব্রিটিশ সরকার। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে এক বৈঠকে তাঁর সরকারের এই আগ্রহের কথা তুলে ধরেন। মূলত অনিয়মিত বা অবৈধ অভিবাসন ঠেকাতেই এমন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে আশ্রয় আবেদনের দিক থেকে বাংলাদেশিদের অবস্থান পঞ্চম। তবে যুক্তরাজ্য বাংলাদেশকে একটি নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করে বিধায় এসব আশ্রয় আবেদনের খুব কমই গৃহীত হয়। সরকারি পরিসংখ্যান বলছে, গত বছর অর্থাৎ ২০২৫ সালে ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের মোট আবেদনের ৪০ শতাংশ গৃহীত হলেও বাংলাদেশিদের ক্ষেত্রে এর হার ছিল মাত্র ১৪ শতাংশ। অবশ্য ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করা শীর্ষ পাঁচটি দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই।

মন্ত্রীদের সঙ্গে ওই বৈঠকে সারাহ কুক জানান, ব্রিটিশ সরকার বাংলাদেশের অভিবাসনপ্রত্যাশীদের জন্য বিদ্যমান প্রক্রিয়ায় পরিবর্তন আনতে আগ্রহী। একটি সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের পথ প্রশস্ত করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, যুক্তরাজ্যের প্রয়োজনীয় খাতগুলোর জন্য দক্ষ শ্রমিকদের প্রশিক্ষণের ওপর জোর দেওয়ার মাধ্যমে এটি বাস্তবায়ন করা যেতে পারে। এ ছাড়া বৈঠকে মানব পাচার এবং অভিবাসনপ্রত্যাশীদের শোষণের শিকার হওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক বলেন, যুক্তরাজ্যের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির উন্নয়নে ব্রিটেনের কাছ থেকে বাংলাদেশের আরও বাস্তবভিত্তিক সহায়তা প্রয়োজন। অন্যদিকে, বাংলাদেশি প্রশিক্ষণকেন্দ্রগুলোর সঙ্গে যুক্তরাজ্যের পেশাগত প্রতিষ্ঠানগুলোর ঘনিষ্ঠ সহযোগিতামূলক কর্মসূচি গড়ে তোলার প্রস্তাব দেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি মনে করেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশিক্ষণের সনদ অর্জনের সুযোগ পেলে বাংলাদেশের কর্মীরা নিরাপদ ও নিয়মিত অভিবাসনে আরও বেশি উৎসাহিত হবেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate