উড়ন্ত উড়োজাহাজের ডানায় আস্ত একটি সাপ! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। এক এক্স ব্যবহারকারীর শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, মাঝ আকাশে উড়ন্ত বিমানের ডানার ওপর একটি সাপ দিব্যি মাথা তুলে জিভ বের করছে। অবিশ্বাস্য দৃশ্যটি দ্রুতই নেটিজেনদের নজর কাড়ে।
ভিডিওটি নিয়ে কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলছেন, সাপটি সেখানে কীভাবে পৌঁছাল এবং ভুল করে এটি যাত্রীদের বসার জায়গায় চলে এলে মারাত্মক আতঙ্ক তৈরি হতে পারতো। তবে অন্য অনেকেই বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেন। তাদের মতে, বিমান যে উচ্চতায় এবং যে গতিতে ওড়ে, সেখানে প্রচণ্ড বাতাসের তোড় এবং শূন্যের নিচের তাপমাত্রায় কোনো সাপের পক্ষে এভাবে টিকে থাকা বা স্বাভাবিক আচরণ করা একেবারেই অসম্ভব। তাই মনে করা হচ্ছে, এআই প্রযুক্তি ব্যবহার করে সম্ভবত এই ভিডিওটি তৈরি করা হয়েছে, কারণ পারিপার্শ্বিক পরিস্থিতি কোনোভাবেই বাস্তবসম্মত নয়।
বাস্তবতার নিরিখে বিচার করলে, উড়ন্ত অবস্থায় বিমানের বাইরের অংশে কোনো প্রাণীর বেঁচে থাকা সত্যিই প্রায় অসম্ভব। তবে বিমানে সাপের উপস্থিতির ঘটনা বাস্তবে একেবারে ঘটেনি, তা কিন্তু নয়। ২০১৩ সালে অস্ট্রেলিয়া থেকে পাপুয়া নিউগিনির উদ্দেশে ছেড়ে যাওয়া কোয়ান্টাস এয়ারওয়েজের একটি ফ্লাইটের ডানায় সত্যিই একটি ১২ ফুট লম্বা স্ক্রাব পাইথন দেখা গিয়েছিল। যদিও প্রচণ্ড ঠান্ডা ও তীব্র বাতাসের কারণে সাপটি শেষ পর্যন্ত বাঁচতে পারেনি। এছাড়া ২০১৬ সালে অ্যারোমেক্সিকোর একটি ফ্লাইটে যাত্রীদের আসনের ওপরের লাগেজ কম্পার্টমেন্ট থেকে একটি সাপ সরাসরি কেবিনের ভেতর ঝুলে পড়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছিল।








