২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার ঠিক আগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ঘিরে এক নজিরবিহীন বিতর্ক তৈরি হয়েছে। দলটিকে চলতি বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে অনলাইনে একটি পিটিশন চালু করা হয়েছে, যেখানে ইতোমধ্যে প্রায় এক কোটি মানুষ স্বাক্ষর করেছেন বলে দাবি করা হচ্ছে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘argentinaout.com’ নামের একটি বিশেষ ওয়েবসাইটে এই পিটিশন চালু করা হয়। পিটিশনকারীদের মূল অভিযোগ, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং ম্যাচ কর্মকর্তারা আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি চরম পক্ষপাত দেখাচ্ছেন।

ওই পিটিশনে দাবি করা হয়েছে, ফিফা এবং রেফারিরা লিওনেল মেসি ও আর্জেন্টিনার প্রতি আগে থেকেই ভীষণ পক্ষপাতদুষ্ট। যদি টুর্নামেন্টের বিজয়ী দল আগে থেকেই নির্ধারিত থাকে, তবে অন্যান্য দলগুলো কেন শুধু শুধু এই প্রতিযোগিতায় অংশ নেবে—এমন প্রশ্নও তোলা হয়েছে সেখানে। একই সঙ্গে আর্জেন্টনাক দ্রুত বিশ্বকাপ থেকে বহিষ্কার করে বাকি দলগুলোর জন্য সমান ও নিরপেক্ষ খেলার সুযোগ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।
আরও
অনলাইনের এই তুমুল বিতর্কের মধ্যেই সেমিফাইনালের মহারণে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম ঐতিহাসিক দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক ও ভৌগোলিক বিরোধের পাশাপাশি ফুটবল মাঠের লড়াইও বহুবার বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার সেই বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলটি এখনো দুই দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ও রোমাঞ্চকর ঘটনা হিসেবে রয়ে গেছে।
তবে মাঠের বাইরের এই বিশাল বিতর্ক কিংবা ঐতিহাসিক বৈরিতাকে একদমই পাত্তা দিচ্ছেন না ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। হাইভোল্টেজ এই ম্যাচের আগে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অতীতের কোনো বিতর্ক বা মাঠের বাইরের আলোচনা নয়, বরং তাঁর দলের পুরো মনোযোগ থাকবে কেবলই মাঠের পারফরম্যান্সের ওপর। হ্যারি কেনের ভাষায়, আর্জেন্টিনা অত্যন্ত শক্তিশালী ও কৌশলী একটি দল। তারা খুব ভালো করেই জানে কীভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের পকেটে পুরতে হয়। তাই আমাদের সব মনোযোগ থাকবে শুধু ফুটবলের ওপর। সংবাদমাধ্যম এনডিটিভি ও সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।











