Long Popup (2)
সর্বশেষ

সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা হুথিদের

Untitled 2.pnggerProbashircityWebPopupUpdate

ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলার জন্য সরাসরি সৌদি আরবকে দায়ী করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এই হামলার মাধ্যমে কয়েক বছর ধরে চলা উত্তেজনা প্রশমনের অবসান ঘটেছে দাবি করে রিয়াদকে চরম ‘প্রতিশোধ’ ও ‘শাস্তি’র কড়া হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি শত্রুপক্ষ সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। এই আগ্রাসনের পরিণতি তাদেরই বহন করতে হবে। এই হামলার মোক্ষম জবাব দেওয়া হবে এবং শাস্তি নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন। এদিকে হুতিদের রাজনৈতিক ব্যুরো পৃথক এক বিবৃতিতে দাবি করেছে, এই হামলা সৌদি আরব এবং তাদের সমর্থক যুক্তরাষ্ট্রের চরম বৈরী মনোভাবের বহিঃপ্রকাশ। ইয়েমেনের ওপর এক দশকেরও বেশি সময় ধরে চলা অবরোধ বহাল রাখার মার্কিন পরিকল্পনারই অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তাদের।

হামলার কারণে সানার উদ্দেশে উড়তে থাকা একটি ইরানি উড়োজাহাজ বাধ্য হয়ে গন্তব্য পরিবর্তন করে হুতি-নিয়ন্ত্রিত হোদেইদাহ বিমানবন্দরে অবতরণ করে। এদিকে মধ্যপ্রাচ্যে ইরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হুতিরা এর আগে একাধিকবার সতর্ক করে বলেছে, প্রয়োজন হলে তারা লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল-মান্দাব প্রণালিতেও জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ার পর সৌদি আরবের তেল রপ্তানির ক্ষেত্রে লোহিত সাগরের গুরুত্ব এখন অনেক বেশি। ফলে বাব আল-মান্দাবে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়ে যাওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে।

সানা বিমানবন্দরে এই হামলার খবর প্রকাশের পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৭৯ দশমিক ২৫ ডলারে পৌঁছায়। যদিও এটি মে মাসের যুদ্ধকালীন সর্বোচ্চ ১১২ ডলার প্রতি ব্যারেলের তুলনায় এখনো অনেকটা কম। উল্লেখ্য, ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এবং পরের বছর সৌদি আরব ও ইরানের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর থেকে সৌদি আরব ও হুতিদের মধ্যে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। কিন্তু সাম্প্রতিক এই হামলার অভিযোগ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন করে আবারও চরম উত্তপ্ত করে তুলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate