Long Popup (2)
সর্বশেষ

ভারতে ৩৫ বছরের পুরোনো ধার, বন্ধুকে খুঁজে সুদসহ ফেরত দিলেন প্রবাসী

ScreenshotProbashircityWebPopupUpdate

ভারতের কেরালার এক ব্যক্তি ৩৫ বছর আগে নেওয়া ধারের অর্থ শোধ করতে তেলেঙ্গানায় তাঁর পুরোনো বন্ধুর কাছে ছুটে গেছেন। সে সময়ের প্রায় এক হাজার টাকা মূল্যের ধারের বিপরীতে তিন দশকেরও বেশি সময় পর তিনি ওই বন্ধুকে ২৫ হাজার রুপি ফেরত দিয়ে সততা ও বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ঘটনার সূত্রপাত ১৯৯১ সালে। সৌদি আরবের আবকাইকে কাজ করার সময় ইসমাইল ও এডলা লাচান্না নামের ওই দুই প্রবাসীর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সেখানে তাঁরা প্রায় পাঁচ বছর একসঙ্গে ছিলেন। সে সময় ইসমাইল তাঁর বন্ধু লাচান্নার কাছ থেকে ১২০ সৌদি রিয়াল ধার নিয়েছিলেন, যার তৎকালীন ভারতীয় মূল্য ছিল প্রায় এক হাজার রুপি। সামর্থ্য হলে টাকাটা ফেরত দেবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে লাচান্না ভারতে ফিরে এলে যোগাযোগের আধুনিক মাধ্যম না থাকায় একপর্যায়ে তাঁদের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

ধারের টাকার পরিমাণ খুব বেশি না হলেও ইসমাইল তা কখনো ভোলেননি। সম্প্রতি তিনি পুরোনো বন্ধুকে খুঁজে বের করে ওই অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর কাছে লাচান্নার কোনো ফোন নম্বর বা ঠিকানা ছিল না, শুধু মনে ছিল লাচান্নার বাড়ি ধর্মপুরীতে। এই তথ্যের ওপর ভিত্তি করে অনলাইনে খোঁজ নিয়ে গত ৯ জুলাই তেলেঙ্গানার জাগতিয়াল জেলার ধর্মপুরীতে পৌঁছান ইসমাইল। সেখানে স্থানীয়দের সহায়তায় অবশেষে তিনি তাঁর পুরোনো সহকর্মীর পরিবারের সন্ধান পান।

লাচান্না বর্তমানে উপসাগরীয় একটি দেশে কর্মরত থাকায় হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে দীর্ঘ বছর পর দুই বন্ধুর কথা হয়। এ সময় ইসমাইল লাচান্নার পরিবারের হাতে ২৫ হাজার রুপি তুলে দেন। ৩৫ বছর আগের ১২০ রিয়ালের বিপরীতে এত টাকা পেয়ে লাচান্না দারুণ অবাক হন। ইসমাইলকে একজন অত্যন্ত সৎ ও ভালো মনের মানুষ আখ্যা দিয়ে তিনি জানান, দীর্ঘ সময় পর প্রতিশ্রুতি রক্ষার এই ঘটনা তাঁদের গভীর বন্ধুত্বেরই প্রতিফলন। লাচান্না ধারণা করছেন, এত বছর পার হয়ে যাওয়ায় ইসমাইল হয়তো মূল টাকার সঙ্গে সুদ যোগ করেই তাঁকে এই ২৫ হাজার রুপি পরিশোধ করেছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate