ভারতের কর্ণাটকের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ সাধারণ যাত্রীদের ভোগান্তির বাস্তব চিত্র নিজ চোখে দেখতে ছদ্মবেশে গণপরিবহন পরিদর্শনে বেরিয়েছিলেন। কিন্তু ১০০ রুপির নোটের ভাঙতি না থাকায় বাসের কন্ডাক্টর খোদ মন্ত্রীকেই বাস থেকে নামিয়ে দিয়েছেন। শনিবার রাতে বেঙ্গালুরুর বাসসেবা পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শনিবার রাতে মুখে মাস্ক পরে সাধারণ যাত্রীর বেশে হেব্বাল থেকে নাগাশেট্টিহাল্লিগামী বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশনের (বিএমটিসি) একটি বাসে ওঠেন মন্ত্রী বাইরাথি সুরেশ। কন্ডাক্টরের কাছে দুটি টিকিট চেয়ে তিনি একটি ১০০ রুপির নোট দেন। কিন্তু কন্ডাক্টর তাঁর কাছে ভাঙতি চান। মন্ত্রী জানান, তাঁর কাছে খুচরা রুপি নেই। তখন কন্ডাক্টর নিজের রুপির ব্যাগ দেখিয়ে বলেন, তাঁর কাছেও পর্যাপ্ত ভাঙতি নেই। এরপর ভাঙতি দিতে না পারলে তাঁকে বাস থেকে নেমে যেতে বলেন ওই কন্ডাক্টর। মুখে মাস্ক থাকায় কন্ডাক্টর বুঝতে পারেননি যে এই যাত্রী খোদ রাজ্যের পরিবহনমন্ত্রী। তবে কন্ডাক্টরকে কোনো উত্তর না দিয়ে মন্ত্রী বাস থেকে নেমে যান।
সেদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত তিনি জয়মহল, টিভি টাওয়ার, আরটি নগর, সিবিআই রোড, হেব্বাল, মান্যতা টেক পার্ক, নাগাওয়ারা, হেন্নুর, হেন্নুর বান্দে, বায়রাথি বান্দে ও গেদ্দালাহাল্লি রুটে গণপরিবহন সেবা পর্যবেক্ষণ করেন।
আরও
এ সময় অল্প দূরত্বের জন্য একটি অটোরিকশাতেও ভ্রমণ করেন তিনি। নাগাশেট্টিহাল্লি এলাকায় যাত্রা শেষে মিটারে ৩০ রুপি ভাড়া উঠলেও চালক তাঁর কাছে ৩৬ রুপি দাবি করেন। কারণ জানতে চাইলে চালক জানান, মিটারটি পুনরায় ক্যালিব্রেট করা হবে। শেষ পর্যন্ত ওই চালককে ৪০ রুপি মিটিয়ে দিয়ে অটোরিকশা থেকে নেমে যান পরিবহনমন্ত্রী।









