যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের বাটলার শহরে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১১ জন স্কাইডাইভার ও একজন পাইলটসহ মোট ১২ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় গতকাল রোববার (১৪ জুন) কানসাস সিটি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান স্কাইডাইভ কানসাস সিটি এক বিবৃতিতে এ দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা সবার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও বেটস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক ডেনিস জ্যাকবস বার্তা সংস্থা রয়টার্সকে দুর্ঘটনার বিবরণ দিয়েছেন। তিনি জানান, এক ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটের দিকে উড্ডয়ন করেছিল। তবে উড্ডয়নের পরপরই এটি পর্যাপ্ত উচ্চতায় পৌঁছাতে ব্যর্থ হয়। একপর্যায়ে হঠাৎ বাঁ দিকে সজোরে মোড় নিয়ে রানওয়ে থেকে প্রায় ৩০০ গজ দূরে আছড়ে পড়ে উড়োজাহাজটি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) বিধ্বস্ত উড়োজাহাজটিকে ‘প্যাসিফিক অ্যারোস্পেস ৭৫০এক্সএল’ মডেলের বলে শনাক্ত করেছে। বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী উড়োজাহাজ ছিল না, বরং এটি স্থানীয়ভাবেই পরিচালিত হতো। প্রাথমিকভাবে এটিকে একটি দুর্ঘটনা হিসেবেই বিবেচনা করছে কর্তৃপক্ষ। এদিকে স্কাইডাইভ কানসাস সিটি জানিয়েছে, নিহতদের পরিবার ও স্বজনদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার পরই কেবল তাঁদের নাম-পরিচয় জনসমক্ষে প্রকাশ করা হবে।
আরও
দেশটির অলাভজনক সংস্থা ইউএস প্যারাসুট অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে আনুমানিক ৩৫ লাখ স্কাইডাইভ জাম্প সম্পন্ন হয়, যার মধ্যে স্কাইডাইভিং-সংশ্লিষ্ট দুর্ঘটনায় ১৬ জন প্রাণ হারান। সংস্থাটির পরিসংখ্যান বলছে, মিসৌরির এই ভয়াবহ প্রাণহানির ঘটনাটি বাদ দিলে গত এক দশকে যুক্তরাষ্ট্রে স্কাইডাইভিং-সংশ্লিষ্ট আটটি উড়োজাহাজ দুর্ঘটনায় মোট ২৫ জনের মৃত্যু হয়েছে।











