কুয়েতে ইরানের নতুন হামলায় অন্তত একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এই হামলায় দেশটির আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও কয়েকটি দেশের কূটনৈতিক মিশন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে পরে আংশিকভাবে বিমানবন্দরটি খুলে দেওয়া হলেও বর্তমানে সেখান থেকে কেবল কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটগুলো চলাচল করছে। আজ বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
হামলার তীব্র নিন্দা জানিয়ে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরান আবারও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের এই হামলায় একজন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এর পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ বিদেশি মিশনও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, বিমানবন্দর আংশিক খোলার বিষয়ে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুধু জাতীয় পতাকাবাহী সংস্থা কুয়েত এয়ারওয়েজের উড়োজাহাজগুলোই চলাচল করবে।
এর আগে আজ বুধবার কুয়েতের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা) আন্তর্জাতিক বিমানবন্দরটির এক নম্বর টার্মিনালে একাধিক ইরানি ড্রোন সরাসরি আঘাত হানে। বিস্ফোরকবাহী এসব সামরিক ড্রোনের আঘাতে বিমানবন্দরের উল্লেখযোগ্য ক্ষতি হয়। তবে সরকার একজনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করলেও ওই ব্যক্তি বিমানবন্দরেই প্রাণ হারিয়েছেন কি না, সেটি এখনো পুরোপুরি স্পষ্ট নয়।
আরও
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি ভূখণ্ডে হামলা চালানোর পর তেহরান দাবি করেছিল, তারা কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। তবে কুয়েত সরকারের দাবি, ইরান মূলত তাদের বেসামরিক অবকাঠামো ও বিদেশি মিশনগুলোকেই হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে।








