Long Popup (2)
সর্বশেষ

ঈদে বিগ টিকিটে ভাগ্য খুলল বাংলাদেশিসহ ৪ প্রবাসীর

1779970096 32a03ccfe376e30cb0a7f869918353e8ProbashircityWebPopupUpdate

ঈদুল আজহার আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত ‘বিগ টিকিট’–এর সাপ্তাহিক ই-ড্র। মে মাসের তৃতীয় সপ্তাহের এই ড্রতে ২৫ হাজার দিরহাম করে পুরস্কার জিতেছেন এক বাংলাদেশি নির্মাণশ্রমিকসহ চার দেশের চার প্রবাসী। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, পবিত্র ঈদের দিন অনুষ্ঠিত এই ড্রয়ের অন্যান্য বিজয়ীরা হলেন পাকিস্তান, ভারত ও ফিলিপাইনের নাগরিক। মূলত অনলাইনে ২৮৭ নম্বর ড্রয়ের টিকিট কেটেই সৌভাগ্যের দেখা পেয়েছেন এই চার প্রবাসী।

এই ড্রয়ে বাজিমাত করা বাংলাদেশি তরুণের নাম মোহন মিয়া। ২৯ বছর বয়সী এই যুবক গত তিন বছর ধরে আরব আমিরাতে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত আছেন। দেশে থাকা পরিবারের সচ্ছলতা ফেরাতে মোহন তাঁর আরও দশ বন্ধুর সঙ্গে মিলে নিয়মিত বিগ টিকিট কিনে আসছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর লটারিতে জেতার খবরটি তাঁর কাছে একেবারে অবিশ্বাস্য মনে হয়েছে। এই পুরস্কারের অর্থ দিয়ে পরিবারের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশে থাকা স্বজনদের সহায়তা করার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতেও টিকিট কেনা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন কঠোর পরিশ্রমী এই প্রবাসী।

মোহনের মতো ভাগ্য খুলেছে দীর্ঘ তিন দশক ধরে শারজায় বসবাসরত পাকিস্তানি নাগরিক মুহাম্মদ আনোয়ার উল হকের। ৪৮ বছর বয়সী এই সাইট সুপারভাইজার গত দুই দশক ধরে ১০ সহকর্মীর সঙ্গে মিলে প্রতি মাসে নিয়মিত বিগ টিকিট কিনতেন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাঙ্ক্ষিত ফোনকলটি পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন তিনি। বর্তমানে আমিরাতে পরিবারের সঙ্গে এই আনন্দ উদ্‌যাপন করছেন তিনি। পুরস্কারের অর্থ কীভাবে ব্যয় করবেন তা চূড়ান্ত না করলেও, ভাগ্যবদলের এই চেষ্টা অন্যদেরও চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন আনোয়ার।

অন্যদিকে, ছুটিতে দেশে গিয়ে লটারি জেতার এই অভাবনীয় সুখবর পেয়েছেন আরব আমিরাতপ্রবাসী ভারতীয় নাগরিক আরিপুরাথ শানাভাস আবদুলরহিমান। অনলাইনে টিকিট কেনা এই প্রবাসীর অপ্রত্যাশিত জয়ে তাঁর ছুটি যেন আরও স্মরণীয় হয়ে উঠেছে। এই তিনজনের পাশাপাশি কাতারপ্রবাসী ফিলিপাইনের নাগরিক জোয়েল বাতাও চার বিজয়ীর তালিকা পূর্ণ করেছেন। অনলাইনে টিকিট কেনা এই সৌভাগ্যবানের সঙ্গে অবশ্য বিগ টিকিট কর্তৃপক্ষ এখনো যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate