সর্বশেষ

ইরানকে যে সতর্কবার্তা দিল সৌদি আরব

Saudi khalid 69abeb19cf5bcCity ads Investment (1)

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে সৌদি আরবের ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টার পর তেহরানকে ‘ভুল সিদ্ধান্ত’ নেওয়া থেকে বিরত থাকার কড়া আহ্বান জানিয়েছে রিয়াদ। আজ শনিবার (৭ মার্চ) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ ইরানকে এই কড়া সতর্কবার্তা দিয়েছেন।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে এক জরুরি বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন খালিদ বিন সালমান। উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি লেখেন, এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ সময় ইরান বিচক্ষণতার পরিচয় দেবে এবং যেকোনো ধরনের ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেদের বিরত রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এর আগে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে। উল্লেখ্য, এই সামরিক ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন। মূলত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে মার্কিন স্বার্থে আঘাত হানতেই ইরান এই হামলার চেষ্টা চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সামরিক ঘাঁটির পাশাপাশি দেশটির একটি বড় তেলক্ষেত্রেও ড্রোন হামলার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শাইবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে এই হামলার চেষ্টা চালানো হয়েছিল। এ সময় এম্পটি কোয়ার্টার মরুভূমি এলাকায় অন্তত ছয়টি ড্রোন ভূপাতিত করা হয়। এর আগে চলতি সপ্তাহেই নিজেদের রাস তানুরা তেল শোধনাগারকে লক্ষ্য করে অন্তত দুটি ড্রোন হামলা চালানোর অভিযোগ করেছিল সৌদি আরব।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup