মালয়েশিয়ায় পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রশাসন প্রথমবারের মতো যত্রতত্র বর্জ্য ফেলার ঘটনায় একজনকে আদালতে তলব করেছে। জোহর বাহরুর একটি সড়কে সিগারেটের অবশিষ্টাংশ ফেলাকে কেন্দ্র করে এক বাংলাদেশি যুবক ও একজন ইন্দোনেশীয় নারীর বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করেছে দেশটির সেশন কোর্ট—যা নগর কর্তৃপক্ষের ‘জিরো টলারেন্স’ নীতির নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
আদালত সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) ২৮ বছর বয়সী বাংলাদেশি কারখানা কর্মী মো. সুলতানকে জোহর বাহরু সেশন কোর্টে হাজির করা হয়। অভিযোগ অনুযায়ী, গত ১ জানুয়ারি রাত ১টা ২৭ মিনিটে স্তুলাং লাউটের জালান ইব্রাহিম সুলতান এলাকায় তিনি নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার না করে রাস্তার ওপর সিগারেটের অবশিষ্টাংশ ফেলে দেন। এ ঘটনায় ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও জননিষ্কাশন কর্পোরেশন’ (SWCorp) আইনি পদক্ষেপ নেয়।
শুনানির সময় মো. সুলতান বিচারিক প্রক্রিয়া যথাযথভাবে বোঝার জন্য দোভাষীর আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করে আগামী ২৮ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। একই মামলায় অভিযুক্ত ইন্দোনেশীয় নারীর বিষয়েও আদালত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরও
SWCorp-এর প্রধান নির্বাহী কর্মকর্তা খালিদ মোহামেদ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ‘বর্জ্য ব্যবস্থাপনা ও জননিষ্কাশন আইন ২০০৭ (আইন ৬৭২)’–এর ধারা ৭৭এ(১) অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। এ ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২ হাজার রিঙ্গিত জরিমানা এবং ১২ ঘণ্টার সমাজসেবামূলক কাজের বিধান রয়েছে।
সরকারি কৌঁসুলি সিটি আদোরা রাহতিমিন শুনানিতে বলেন, পরিবেশ সুরক্ষায় আইন প্রয়োগ কঠোর করা জরুরি এবং এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি জনসচেতনতা বাড়াতে সহায়ক হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, নগর কর্তৃপক্ষের এই পদক্ষেপ প্রবাসীসহ সবার জন্যই জনপরিসরে পরিচ্ছন্নতা বিধি মেনে চলার গুরুত্ব আবারও সামনে এনে দিয়েছে।












