সৌদি আরবের রাষ্ট্রীয় খনন কোম্পানি মা’আদেন নতুন চারটি খনি এলাকা থেকে বিপুল পরিমাণ সোনা উত্তোলনের ঘোষণা দিয়েছে। কোম্পানির সর্বশেষ তথ্যে জানা গেছে, এসব খনি থেকে মোট ৭৮ লাখ আউন্স সোনা উত্তোলন করা হয়েছে, যা ওজনে প্রায় ২ লাখ ২১ হাজার কেজির সমান। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
এই বিপুল সোনা উত্তোলনের মাধ্যমে সৌদি আরবের খনিজ সম্পদের ভাণ্ডার আরও সমৃদ্ধ হলো। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে স্বর্ণ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে মা’আদেনের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটি সৌদি আরবের খনিজ খাতকে বৈশ্বিক পর্যায়ে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।
কোম্পানিটি প্রাথমিকভাবে প্রায় ৯০ লাখ আউন্স সোনা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করলেও বার্ষিক হিসাব ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত লক্ষ্য কিছুটা কমানো হয়। তবে সংশোধিত লক্ষ্যের কাছাকাছি পৌঁছে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে মা’আদেন কর্তৃপক্ষ।
আরও
ঘোষণা অনুযায়ী, মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং ওয়াদি আল জাও—এই চারটি খনি এলাকা থেকে সোনা উত্তোলন করা হয়েছে। এর মধ্যে মানসুরাহ মাসসারাহ খনি থেকেই সবচেয়ে বেশি, প্রায় ৩০ লাখ আউন্স সোনা পাওয়া গেছে। উরুক ২০/২১ ও উম্ম আস সালাম খনি থেকে উত্তোলিত হয়েছে প্রায় ১৬ লাখ ৭০ হাজার আউন্স। নতুন খনি ওয়াদি আল জাও থেকে প্রথমবারের মতো প্রায় ৩০ লাখ ৮০ হাজার আউন্স সোনা উত্তোলন করা হয়।
মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, এই সাফল্য কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার কার্যকর বাস্তবায়নের প্রমাণ। তিনি আরও জানান, সোনা অনুসন্ধান ও খনি উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হলে ভবিষ্যতে কোম্পানির সম্পদভিত্তি ও নগদ অর্থ প্রবাহ আরও শক্তিশালী হবে।











