ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদসহ চারটি গুরুত্বপূর্ণ স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার দাবি করেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রিয়াদের সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভবন এবং তিনটি বিমানবন্দরে সামরিক বিমান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সারি দাবি করেন, রিয়াদ ছাড়াও দক্ষিণ-পশ্চিম সৌদির আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা করা হয়েছে। একইসঙ্গে নাজরান বিমানবন্দর ও খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এছাড়া লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথের কাছে সৌদি-সমর্থিত বাহিনীর অগ্রযাত্রা রুখে দেওয়ারও দাবি করেছে গোষ্ঠীটি।
হুথিদের এই চাঞ্চল্যকর দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে হুথিদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন জোট। সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন বেসামরিক ও সামরিক স্থাপনায় হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।








