সৌদি আরবে মদিনার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতীয় ওমরাহযাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় তিনি বলেন, মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোদি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আরও জানান, রিয়াদে ভারতীয় দূতাবাস ও জেদ্দায় কনস্যুলেট দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।
প্রতিবেদনে জানা যায়, সৌদির মদিনা ও বাদরের মধ্যবর্তী মুফরাহথ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাংকারের সংঘর্ষে অন্তত ৪২ জন ওমরাহযাত্রী নিহত হন। নিহতদের মধ্যে ২০ জন নারী ও ১১ জন শিশু রয়েছে। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানিয়েছেন সৌদি কর্মকর্তারা। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়, ফলে হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করও এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, রিয়াদে ভারতীয় দূতাবাস ও জেদ্দা কনস্যুলেট নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
আরও
দুর্ঘটনার পর জেদ্দা কনস্যুলেটে ২৪ ঘণ্টার একটি কন্ট্রোল রুম খুলেছে ভারতীয় কর্তৃপক্ষ। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট ওমরাহ অপারেটরদের সঙ্গে সমন্বয় করে ভারতীয় কনস্যুলেটের প্রতিনিধিরা হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন।
মদিনাগামী ওমরাহযাত্রীদের এ মর্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। নিহতদের মরদেহ শনাক্তকরণ এবং দেশে পাঠানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।












