সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান পবিত্র মসজিদুল হারামের পার্শ্ববর্তী এলাকায় ‘কিং সালমান গেট’ নামে একটি বিশাল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। মক্কার কেন্দ্রীয় এলাকা ঘিরে প্রায় ১২ মিলিয়ন বর্গমিটার জায়গাজুড়ে গড়ে উঠবে এই মেগা প্রকল্প। সূত্র : সৌদি গেজেট
প্রকল্পটির মূল লক্ষ্য হলো মক্কার অবকাঠামো ও নগরায়ণ ব্যবস্থাকে আধুনিক ও টেকসইভাবে রূপান্তর করা, যাতে এটি বিশ্বমানের নগর উন্নয়নের দৃষ্টান্ত হিসেবে কাজ করে। সৌদি ভিশন ২০৩০-এর আওতায় এই প্রকল্প হজ ও ওমরাহ পালনকারীদের সেবা মান উন্নয়ন, আধ্যাত্মিক অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে নেওয়া হয়েছে।
‘কিং সালমান গেট’ এলাকার মধ্যে থাকবে আবাসন, সংস্কৃতি ও সেবা সুবিধা। এখানে নামাজের স্থানগুলো একসঙ্গে ৯ লাখ মুসল্লি ধারণ করতে সক্ষম হবে, যা ইনডোর ও আউটডোর উভয় এলাকাতেই প্রযোজ্য। মক্কার ঐতিহ্যবাহী স্থাপত্য রক্ষা করে আধুনিক নকশায় নির্মাণ করা হবে, এবং প্রায় ১৯ হাজার বর্গমিটার ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক এলাকা পুনর্বাসন করা হবে।
আরও
প্রকল্পে আধুনিক গণপরিবহন সংযোগ থাকবে, যা পবিত্র হারামে যাতায়াত আরও সহজ করবে। পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ আশা করছে, ২০৩৬ সালের মধ্যে নির্মাণ, আবাসন, পর্যটন, বাণিজ্য ও সেবা খাতে প্রায় ৩ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে, যা স্থানীয় অর্থনীতিকে জোরদার করবে।
এই প্রকল্প বাস্তবায়ন করছে রুআ আল-হারাম আল-মাক্কি কোম্পানি, যা সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের একটি অঙ্গপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মসজিদুল হারামের চারপাশে নগর উন্নয়ন ও আধুনিক রিয়েল এস্টেট ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মান অনুসরণ করছে।












