মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরেকটি বড় অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ‘মিনি পাকিস্তান’ খ্যাত চৌ কিট এলাকায় পরিচালিত এ অভিযানে বাংলাদেশিসহ মোট ১৯৬ জন বিদেশিকে আটক করা হয়েছে।
অভিযানে ইমিগ্রেশনের পাশাপাশি ডিবিকেএল, কেপিডিএন ও রয়েল মালয়েশিয়ান পুলিশ অংশ নেয়। প্রায় ৭০০ মিটার এলাকা জুড়ে অবস্থিত ৪৫টি রেস্তোরাঁ, খুচরা দোকান ও হোটেলে হানা দিয়ে প্রায় ৪০০ জন বিদেশি ও স্থানীয়কে তল্লাশি করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও জর্ডানের নাগরিকসহ মোট ১৯৬ জনকে আটক করা হয়। তবে কোন দেশের কতজন আটক হয়েছেন তা এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে তিনজন স্থানীয়কেও আটক করা হয়েছে। তারা অবৈধ অভিবাসী নিয়োগে সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। বৈধ কর্মীদের আড়ালে অবৈধদের কাজে লাগানো হচ্ছিল, যা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
আরও
আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী অবৈধভাবে অবস্থান, মেয়াদোত্তীর্ণ ভিসা ব্যবহার এবং কাজের পারমিটের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। সৌপি বলেন, এ ধরনের অভিযানের মাধ্যমে রাজধানীতে গড়ে ওঠা ‘মিনি পাকিস্তান’-এর মতো এলাকাগুলো নজরদারিতে রাখা হচ্ছে। একইসঙ্গে জনগণকেও অবৈধ অভিবাসনবিষয়ক তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান তিনি।












